
Phulkopir Shingara: ধোঁয়া ওঠা ফুলকপির শিঙাড়ায় একটা কামড়। তার পর ধূমায়িত চা। এই যুগলবন্দিকে হারাতে পারে এমন স্বাদ কমই আছে বাঙালির রসনা অভিধানে। সামান্য উপকরণে বাড়িতেই বানান সোনালি রঙের মুচমুচে ফুলকপির শিঙাড়া। রইল সহজ রেসিপি।
শিঙাড়া ছাড়া বাঙালির নোনতা-ভোজন অসম্পূর্ণ৷ চা-কফির সান্ধ্য আড্ডা জমে যায় শিঙাড়ার স্বাদে৷ এখন অবাঙালি সামোসার আধিপত্য দাপট দেখালেও স্বাদে আভিজাত্যে এখনও একচেটিয়া আলুর পুরের সামান্য মিষ্টির ছোঁয়ায় বাঙালি শিঙাড়া৷ শীতকাল শুরু হলে দেখা দেবে ফুলকপির শিঙাড়া৷ সহজ রেসিপিতে বানিয়ে নিন বাড়িতেই৷
ডজনখানের শিঙাড়ার জন্য নিন ২৪০ গ্রাম ময়দা৷ তাতে দিন ৫ গ্রাম নুন, ১২ গ্রাম চিনি, ৩৫ গ্রাম ঘি৷ ঝুরো ঝুরো করে ময়ান দিন, যাতে ব্রেডক্রাম্বের মতো লাগে হাতে৷ ব্রেডক্রাম্বের মতো টেক্সচার হলে বুঝবেন ময়ান ঠিকঠাক হয়েছে৷ এ বার জল দিয়ে মেখে ফেলুন৷ বেশি নরম বা বেশি টাই-কোনওটাই হবে না৷ মাখা ময়দা রেখে দিন আধঘণ্টার জন্য৷
এ বার পুর তৈরির পালা৷ ভালো করে ধুয়ে নিয়ে খোসাসমেত আলু ১ সেমি মাপের চৌকো আকারের কেটে নিন৷ ১২৫ গ্রাম ফুলকপির ফুল নিন৷ মরশুমের প্রথম ফুলকপির স্বাদে শিঙাড়ার স্বাদ বাড়ে৷ ছোট ছোট করে ফুলকপি কেটে নিন৷ কাঁচালঙ্কা আর আদা নুন দিয়ে থেঁতো করে রাখুন৷ পুরের জন্য মশলা বানান৷ ৪ গ্রাম জিরেগুঁড়ো, ৫ গ্রাম ধনেগুঁড়ো, হলুদ ৪ গ্রাম, লঙ্কার গুঁড়ো ৩ গ্রাম, আমচুর ২ গ্রাম, গরমমশলা ২ গ্রাম, চাটমশলা ৬ গ্রাম নিন৷ সব ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিলেই পুরের মশলা তৈরি৷ এই মশলা তৈরি করে রাখলে আলুর তরকারি-সহ নানা পদে ব্যবহার করতে পারবেন৷
কড়াইয়ে ২৫ গ্রাম সরষের তেল গরম করুন৷ ধোঁয়া উঠলে তাতে চিনাবাদাম সোনালি করে ভেজে আলাদা করে সরিয়ে রাখুন৷ ওই তেলেই ৪ মিনিট ধরে ফুলকপির টুকরোগুলো ভাজুন৷ লালচে করে ভাজা ফুলকপি আলাদা করে রাখুন৷ ওই তেলেই ২ টো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, নুন দিন৷ তাতে আলুর টুকরো দিয়ে মাঝারি আঁচে ৪ মিনিট আলু ভাজার পর আদা, লঙ্কাবাটা দিন৷ ২ মিনিট ভাজুন৷ তার পর গরমমশলা আর কসুরি মেথি ছড়িয়ে গরম জল দিন৷ ৫ মিনিট ধরে ক্রমাগত নাড়তে থাকুন৷ কড়াইয়ে লেগে গেলে মাঝে মাঝে গরম জল দিন৷
তার পর ফুলকপি, বাদামভাজা, চিনি দিয়ে আলুর তরকারি নাড়তে থাকুন৷ আলু সিদ্ধ হয়ে এলে বুঝবেন শুকনো শুকনো পুর তৈরি৷ শিঙাড়ায় ভরার আগে ঠান্ডা হতে দিন পুর৷ এ বার ময়দার লেচি কেটে একটু মোটা করে লম্বাটে আকারে বেলে নিন৷ তার পর মাঝ খান থেকে কেটে নিন৷ দ্বিখণ্ডিত দুই অংশ হাত দিয়ে মুড়ে চোঙ আকৃতির শঙ্কু বা Cone বানান৷ তার আগে অল্প অল্প জল লেপে দিন৷
এ বার পুর ভরুন৷ একটু জায়গা ফাঁকা রেখে ভরুন৷ উপরের অংশে জল লাগিয়ে শিঙাড়ার তেকোনা আকার দিন৷ তেল হাত সওয়া গরম হলে মাঝারি আঁচে শিঙাড়া ভেজে নিন৷ বেশি আঁচে ভাজলে বাইরে মুচমুচে হলেও ভিতরে কাঁচা থাকবে৷ ৩০ মিনিট ধরে সোনালি মুচমুচে করে ভেজে নিন ফুলকপির শিঙাড়া৷ গরমাগরম পরিবেশন করুন চায়ের সঙ্গে৷
(Feed Source: news18.com)
