
Amit Shah Attacks Rahul Gandhi: ‘রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কোনও দিন পূরণ হবে না’, কংগ্রেস নেতাকে কটাক্ষ অমিত শাহের।
রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের
নয়াদিল্লি: INDIA জোটের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলন নিয়ে কটাক্ষ করে শাহ বলেন, প্রধানমন্ত্রী হতে চাইলে রাহুল গান্ধীকে সারাজীবন মক পার্লামেন্টেই থাকতে হবে। তাঁর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ কোনও দিন আসবে না বলেও মন্তব্য করেন তিনি।
অমিত শাহ বলেন, “প্রধানমন্ত্রী হতে চাইলে সারাজীবন মক পার্লামেন্টে থাকুন। আপনার পালা আর আসবে না।” উল্লেখ্য, এর আগের দিনই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রকাশ্যে ‘ইমপিচ’ করার দাবিতে মক পার্লামেন্টের আয়োজন করেছিল INDIA জোট। নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করছে বিরোধীরা। রাহুল গান্ধীর ‘মহব্বত কি দুকান’ স্লোগান নিয়েও কটাক্ষ করেন শাহ। তাঁর কথায়, রাহুলের ভালোবাসার দোকান থেকে মানুষ শুধু ঘৃণাই নিয়ে যেতে পারবেন।
সভার দিন নিয়ে কংগ্রেসকে আক্রমণ
রবিবার চণ্ডীগড়ের এক সভা থেকে কংগ্রেসকে আরও একবার নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার স্মৃতিবিজড়িত ১ নভেম্বরের দিনেই কর্মসূচি আয়োজন করে শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে কংগ্রেস।
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ‘বড় গাছ পড়লে মাটি কাঁপে’ মন্তব্যের প্রসঙ্গ তুলে শাহ বলেন, এই দিনে সভার আয়োজন দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের ক্ষতে নুনের ছিটে দেওয়ার সামিল। তাঁর দাবি, এই দিনগুলিতে কর্মসূচি না করার জন্য বিজেপির তরফে কংগ্রেসকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেই অনুরোধে কর্ণপাত করেনি তারা। বিদেশ থেকে নির্দেশ এসেছিল বলেই কংগ্রেস সভা করেছে বলে অভিযোগ করেন শাহ।
শাহের দাবি, নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর দাঙ্গার মামলাগুলি নতুন করে খোলা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় এবং একাধিক কংগ্রেস নেতাকে জেলে পাঠানো হয়। তাঁর কথায়, রাজনৈতিক দলের উস্কানিতে এমন দাঙ্গার ঘটনা ভারত আগে দেখেনি, ভবিষ্যতেও দেখবে না। ১৯৮৪ সালের সেই হত্যাকাণ্ডের স্মৃতি ভারত ও পঞ্জাব কোনও দিন ভুলবে না বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
(Feed Source: news18.com)
