
#কলকাতা: সরকারি হাসপাতালের চিকিৎসক তাঁরা৷ পেশার গুরুত্বে দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যের ভার তাঁদেরই হাতে৷ আর তাঁরাই কি না দিনের পর দিন সরকারি হাসপাতালের কাজে অনুপস্থিত থাকছেন৷ স্বাভাবিক কারণে তাঁদের অনুপস্থিতিতে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কাজ৷ এ বার সেই কারণেই কড়া পদক্ষেপ করতে চলেছে স্বাস্থ্য দফতর৷ দফতরের পক্ষ থেকে এমনই ২৫২ জন ‘অনুপস্থিত’ চিকিৎসককে তলব করা হয়েছে স্বাস্থ্য ভবনে৷
আগামী ১ ফেব্রুয়ারি সল্টলেক স্বাস্থ্য ভবনে এই বিষয়ে শুনানির সময় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তালিকাভুক্ত ২৫২ জন চিকিৎসককে৷ এ ছাড়া তালিকায় নেই এমন কেউ, যিনি দীর্ঘদিন ধরে কাজে অনুপস্থিত, তাঁদেরও হাজিরা দিতে বলেছে স্বাস্থ্য দফতর৷ দফতরের তরফ থেকে বলা হয়েছে, এঁরা যদি হাজিরা না দেন, তা হলে এর পর কড়া পদক্ষেপ করবে রাজ্যের স্বাস্থ্য দফতর৷ এককথায় বুঝিয়ে দেওয়া হয়েছে, সরকারি চিকিৎসা পরিষেবায় গাফিলতি মেনে নেব না প্রশাসন৷
সোমবার এই বিষয়ে স্বাস্থ্য দফতর এখটি বিজ্ঞপ্তি জারি করে৷ সেখানে জানানো হয়, দিনের পর দিন নির্দিষ্ট হাসপাতালে অনুপস্থিত রয়েছেন বহু চিকিৎসক৷ এর ফলে সমস্যায় পড়েন রোগিরা৷ তাঁরা সঠিক সময়ে পরিষেবা পাচ্ছে না৷ গোটা স্বাস্থ্য পরিষেবাই বিঘ্নিত হচ্ছে৷ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই জন্য মোট ২৫২ জনের একটি তালিকা তৈরি করেছে স্বাস্থ্য দফতর৷ সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলে এই তালিকা তৈরি করা হয়েছে৷
এই তালিকায় নাম নেই, অথচ যে সরকারি চিকিৎসকরা দীর্ঘদিন কাজে অনুপস্থিত রয়েছেন, তাঁদেরও ওই দিন স্বাস্থ্যভবনে উপস্থিত থাকার কথা বলা হয়েছে৷ নির্দেশিকায় জানানো হয়েছে, যাঁরা এর পরেও স্বাস্থ্য ভবনের এই তলবে উপস্থিত থাকবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রাজ্য স্বাস্থ্য দফতর৷
(Feed Source: news18.com)
