
#উত্তরপ্রদেশ: প্রবল ঠান্ডায় হাড়মজ্জা পর্যন্ত কেঁপে যাচ্ছে। এমন অবস্থায় ঘরের মধ্যে গ্যাস হিটার জ্বালিয়ে ঘুমিয়েছিল উত্তরপ্রদেশের সীতাপুরের এক পরিবার। কিন্তু সকালে আর তাদের ঘুম ভাঙল না। ঘরের মধ্যে দমবন্ধ হয়ে মৃত্যু হল চার জনের।
স্থানীয় একটি মাদ্রাসায় কেরানির কাজ করতেন বছর পঁয়ত্রিশের আসিফ। শনিবার রাতে আসিফ ও তাঁর স্ত্রী শগুফতা (৩২) তাঁদের দুই ছেলেমেয়ে জায়েদ (৩) ও মায়রাকে (২) নিয়ে ঘুমোতে যান। প্রবল শীতের হাত থেকে বাঁচতে ঘরে গ্যাস হিটার জ্বালিয়েছিলেন আসিফরা। আর সেটাই কাল হল।
অন্য দিনের মতো রবিবার সকালেও আসিফদের দরজায় কড়া নাড়ছিলেন তাঁদের দুধওয়ালা। কিন্তু অনেকক্ষণ ধরে কড়া নেড়েও কোনও সাড়া পাচ্ছিলেন না। তারপরেই স্থানীয় বাসিন্দারা কিছু একটা সন্দেহ করে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে আসিফদের বাড়িতে ঢোকেন। ঢুকেই স্তম্ভিত হয়ে যান। দেখেন বিছানার উপরে পর পর শুয়ে রয়েছে ৪ জনের নিঃসাড় দেহ। তারমধ্যে ছিল ফুটফুটে দুটো দুধের শিশুও।
