
কলকাতা: প্রয়াত লেখক সুজন দাশগুপ্ত। বুধবার সকালে লেখকের ফ্ল্যাটেই তাঁর মৃতদেহ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কয়েক ঘণ্টা আগে। কী ভাবে তাঁর মৃত্যু হয়, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
প্রসঙ্গত সুজনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র একেনবাবু। সাম্প্রতিক কালে ওটিটি এবং ছবির সুবাদে আরও জনপ্রিয়তা পেয়েছে চরিত্রটি। জানা যায়, ১৯৬৭ সালে কলকাতা থেকে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন সুজন। সেখানে বসেই নিজের ভাবনা এবং কলমের জোরে একেনবাবুকে সৃষ্টি করেন তিনি।
জানা যায়, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ৭৮-এর সুজন। ঘটনাটি যখন ঘটে, তাঁর বাড়িতে তখন কেউ ছিল না। দীর্ঘ সময় ধরে দরজা না খোলায় তাঁর বাইপাসের ধারের আবাসনের নিরাপত্তারক্ষী পুলিশে খবর দেয়। শেষমেশ সকাল ১০টা নাগাদ দরজা ভেঙে লেখকের ফ্ল্যাটে ঢুকে লেখকের দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, তাঁর দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। আপাতত তদন্ত চালাচ্ছে পুলিশ।
‘একেনবাবু’র পাশাপাশি একাধিক বই লিখেছেন সুজন। সেগুলির মধ্যে ‘ম্যানহ্যাটনে মুনস্টোন’, ‘ঢাকা রহস্য উন্মোচিত’, ‘খুনের আগে খুন’ অন্যতম।
