নন্দিনীর হোটেলে হঠাৎ হাজির মদন! খেলেন পালং শাক, সঙ্গে দিলেন বিরাট সুখবর

নন্দিনীর হোটেলে হঠাৎ হাজির মদন! খেলেন পালং শাক, সঙ্গে দিলেন বিরাট সুখবর

কলকাতা: বেশ কিছু দিন ধরেই তিনি সমাজ মাধ্য়মের পরিচিত মুখ হয়ে উঠেছেন। ভাইরাল হয়েছে তাঁর ফুটপাথের খাবারের হোটেলের গল্প। খাবার বিক্রেতা নন্দিনী গঙ্গোপাধ্য়ায় এখন অনেকের কাছেই পরিচিত নাম। সমাজ মাধ্য়মে তিনি অবশ্য় নন্দিনী হিসেবেই বেশি পরিচিত।

শুক্রবার সকালে আচমকাই সেই নন্দিনীর হোটেলে পৌঁছে গেলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। নন্দিনীর হোটেলে গিয়ে পালংশাকের তরকারিও চেখে দেখলেন কামারহাটির বিধায়ক। একই সঙ্গে নন্দিনীর হোটেলে তিনশো প্লেট মাংস ভাতের বরাতও দিয়ে এসেছেন তৃণমূল নেতা।

কিন্তু হঠাৎ নন্দিনীর হোটেলে তাঁর হাজিরা কেন? তৃণমূল বিধায়ক জানিয়েছেন, তাঁর বিধানসভা এলাকার একটি স্কুলে স্পোর্টস রয়েছে। সেই অনুষ্ঠানে খাবারের ব্য়বস্থা করার জন্য় মদনের কাছে অনুরোধ এসেছিল। এক পরিচিতের থেকে নন্দিনীর হোটেলের খোঁজ পান তৃণমূল বিধায়ক। এর পরেই এ বিধানসভা থেকে ফেরার পথে ডালহৌসির অফিস পাড়ায় নন্দিনীর হোটেলে যান মদন।

নন্দিনীর পাশাপাশি তাঁর বাবা-মায়ের সঙ্গেও কথা বলেন তৃণমূল বিধায়ক। হোটেল চালাতে কী সমস্য়া হচ্ছে, সেসবও শোনেন তিনি। তবে নন্দিনীর হোটেলের রান্না খেয়ে আপ্লুত মদন। তৃণমূল বিধায়ক বলেন, ‘মনে হচ্ছে বাড়ির রান্না খাচ্ছি।’

তৃণমূল বিধায়ক বড়সড় খাবারের বরাত দেওয়ায় খুবই খুশি নন্দিনী এবং তাঁর বাবা-মা। মদন মিত্রের ব্য়বহারেও আপ্লুত তাঁরা।

সমাজ মাধ্য়মে ভাইরাল হওয়ার পর থেকে হোটেলের দৈনন্দিন কাজ চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে নন্দিনীর পক্ষে। এমন কি, যেভাবে তাঁর হোটেলের প্রচার চলছে, তাতে ফুটপাথ দখল করে তাঁর এই ব্য়বসা চালানো কঠিন হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন নন্দিনী। ফ্য়াশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করা এই তরুণী বাবাকে সাহায্য় করতেই হোটেলে খাবার রান্না এবং পরিবেশন শুরু করেছিলেন। কিন্তু ফেসবুকে তাঁর হোটেলের গল্প ভাইরাল হওয়ার পর থেকেই হোটেলে প্রতিদিনই ভিড় করছেন ফুড ব্লগাররা। তাঁদের কারও কারও সঙ্গে নন্দিনীর বচসার ভিডিও সামনে এসেছে। স্বভাবতই এই তরুণীকে ট্রোলের শিকারও হতে হয়েছে। মদন এ দিন তাঁর হোটেলে যাওয়ার পর নন্দিনীকে নিয়ে সামাজিক মাধ্য়মে চর্চা যে আরও বাড়বে, তা বলার অপেক্ষা রাখবে না।

(Feed Source: news18.com)