টেনে নিয়ে গেছিল গাড়ি! স্বাতীর হেনস্থাকারীকে জামিন দিল্লির আদালতের

টেনে নিয়ে গেছিল গাড়ি! স্বাতীর হেনস্থাকারীকে জামিন দিল্লির আদালতের

নয়াদিল্লি: দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে হেনস্থায় অভিযুক্ত হরিশ চান্দেরকে জামিন দিল দিল্লির একটি আদালত। স্বাতীর অভিযোগ, দিল্লির এআইআইএমএসের বাইরে একটি গাড়ি তাঁকে রাস্তা দিয়ে বেশ কিছুটা দূর পর্যন্ত হেঁচড়ে নিয়ে যায়।

প্রসঙ্গত বিগত কয়েকদিন রাজধানী দিল্লিতে এই ধরণের একাধিক ঘটনা ঘটেছে। ফলে মহিলা কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে এই ঘটনা হওয়ায় শোরগোল পড়ে যায়। স্বাতীর দাবি গাড়ির কাঁচে তাঁর হাত আটকে গিয়েছিল।স্বাতী মালিওয়ালের অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় এফআইআর দায়ের হয়। দিল্লির সাকেত আদালত জানায়, একটি বাদে বাকি সব ধারাই জামিনযোগ্য।

বিচারকের বক্তব্য, অভিযুক্তকে জেলবন্দি করে রেখে অতিরিক্ত কোনও উদ্দেশ্য পূরণ হবে না। অভিযুক্ত হরিশ চান্দেরের আইনজীবী আদালতে জানান, তাঁকে মিথ্যা ফাঁসানো হয়েছে।

এদিকে, স্বাতী মালিওয়ালের অভিযোগ ভুয়ো বলে দাবি করেছে বিজেপি। নিরপেক্ষ তদন্তের স্বার্থে দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে স্বাতী মালিওয়ালকে সাসপেন্ড করার দাবি তুলেছে দিল্লি বিজেপি নেতৃত্ব। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড করার দাবিতে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনাকে চিঠি দিয়েছেন দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুর।

চিঠিতে বলা হয়েছে, ” সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত যুবক হরিশ চন্দ্র সূর্যাবংশী  দিল্লির শাসক দলের সঙ্গম বিহারের সক্রিয় কর্মী। বিজেপির দাবি, পুরো ঘটনা যে সাজানো, তা ফাঁস হয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোররাত ৩টে ১১ মিনিটে দিল্লির এমসের কাছে ফুটপাথে দাঁড়িয়ে ছিলেন স্বাতী। সেই সময় গাড়ি নিয়ে তাঁর কাছে যান হরিশচন্দ্র নামে ৪৭ বছরের এক ব্যক্তি।

মহিলা কমিশনের প্রধানকে জোর করে গাড়িতে ঢোকানোর চেষ্টা করেন ওই চালক। সেই সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। স্বাতীর থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন তাঁর দলের অন্য সদস্যরা। তাঁরাই এসে রক্ষা করেন স্বাতীকে। স্বাতীর অভিযোগ, গাড়িতে ওঠার প্রস্তাব ফেরানোর পর গাড়ি চালিয়ে কিছুটা চলে যান ওই ব্যক্তি। তার পর আবার ইউ-টার্ন নিয়ে তাঁর কাছে ফিরে আসেন। এর পর জোর করে স্বাতীকে গাড়িতে তোলার চেষ্টা করেন ওই ব্যক্তি।

(Feed Source: news18.com)