
মার্চেই অনুষ্ঠিত হতে পারে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগ, এ খবর ভারতীয় ক্রিকেটমহলে কারও অজানা নয়। তবে কবে থেকে শুরু হবে টুর্নামেন্ট, সে বিষয়ে সঠিক কোনও খবর ছিল না কারও কাছে। অবশেষে জানা গেল কবে শুরু হবে মেয়েদের আইপিএল। এও জানা গেল যে, কোথায় অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়র লিগের ম্য়াচগুলি।
আগামী ৪ মার্চ থেকে শুরু হবে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগ। চলবে ২৬ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে মুম্বইয়ে। ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়াম খেলা হবে উইমেন্স প্রিমিয়র লিগের ম্যাচগুলি। টুর্নামেন্টের বিস্তারিত সূচি ঘোষিত হয়নি। তবে উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি হতে পারে গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দল।
সোমবার আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল সংবাদ সংস্থা পিটিআইকে উইমেন্স প্রিমিয়র লিগের দিনক্ষণ সম্পর্কে আপডেট দেন। তিনি বলেন, ‘৪ থেকে ২৬ মার্চ পর্যন্ত মুম্বইয়ে খেলা হবে উইমেন্স প্রিমিয়র লিগ।’
কবে উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম অনুষ্ঠিত হবে, তাও নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন আইপিএল চেয়ারম্যান। আগামী ১৩ ফেব্রুয়ারি মুম্বইয়েই বসবে ক্রিকেটার কেনা-বেচার আসর। অর্থাৎ, মহিলা টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরের দিনেই অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম।
(Feed Source: hindustantimes.com)
