
কলকাতা: মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে আগুন লাগার ঘটনায় এবার তথ্য চেয়ে পাঠাল রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। মুকুন্দপুর এলাকার এই বেসরকারি হাসপাতালে আগুন নিয়ন্ত্রণের সমস্ত ব্যবস্থাপনা সঠিক রয়েছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান অসীম কুমার বন্দোপাধ্যায়। পরিদর্শনের সময়ে হাসপাতালের যাবতীয় অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। শেষে জানান, মঙ্গলবার ঠিক কোন সময়, কী করে আগুন লেগেছিল, সেখানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা কেমন ছিল ইত্যাদি নিয়ে সামগ্রিক ভাবে পূর্ণাঙ্গ একটি রিপোর্ট স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনকে পাঠাতে হবে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালকে।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টা নাগাদ কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিক্যাল স্টোরে আগুন লাগে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ভিজিটিং আওয়ার্সে হাসপাতালের মধ্যে আগুন লাগার ঘটনায় দ্রুত ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাইপাসের ধারে কলকাতার এই বেসরকারি হাসপাতালে প্রচুর রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছেন। অনেক রোগী এবং রোগীর আত্মীয়রা হাসপাতালের বহির্বিভাগে দেখাতেও গিয়েছিলেন। বহু মানুষ হাসপাতালে ভর্তি থাকা পরিজনদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারই মধ্যে এই আগুনের ঘটনা উদ্বেগে ফেলে দিয়েছিল সকলকেই।
গত বছর নভেম্বর মাসে রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে। রাজ্যের প্রথমসারির এই সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের রেডিওলজি বিভাগে আগুন লেগে ধোঁয়ায় ভরে গিয়েছিল দো’তলা এবং তিন তলার কিছু অংশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় হাসপাতালে স্ট্যান্ড বাই থাকা দমকলের একের পর এক গাড়ি। দমকলের মইয়ে দো’তলায় উঠে জল দিতে শুরু করেন দমকলকর্মীরা। ওই বিল্ডিংয়ে কোনও রোগী না থাকায় বরাতজোরে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের সময় বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী আটকে পড়েছিলেন। দমকলকর্মীরা তাঁদের নিরাপদে বের করে নিয়ে আসেন।
বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনা শুনলেই এখনও চোখের সামনে ভেসে ওঠে ঢাকুরিয়া এএমআরএই হাসপাতালের কথা। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না দেখতে হয়, তাই আগে থেকেই সতর্ক থাকতে চায় স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন।
