
সান নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে ৫ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার।
বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফট স্থাপনের গর্ত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ত বর্ষা (৫) ওই এলাকার মো. আসলামের মেয়ে এবং স্থানীয় শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাদের বাসার পাশে আনুমানিক ২০ গজ দূরে একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার সময় শিশুটি গর্তে পড়ে গিয়েছিল। পরে আর উঠতে পারেনি। পরে সেখানে জমে থাকা পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়। শিশুটি সেখানে একাই খেলছিল।
এ ঘটনায় শুক্রবার ওই ভবনের মালিক ও নিরাপত্তারক্ষীকে আসামি করে একটি মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।
(Feed Source: sunnews24x7.com)
