বাংলাদেশঃ অগ্নিকাণ্ডের পেছনে কারণ থাকে

বাংলাদেশঃ অগ্নিকাণ্ডের পেছনে কারণ থাকে

সান নিউজ ডেস্ক: প্রতিটি অগ্নিকাণ্ডের পেছনে একটি কারণ থাকে, সেই কারণ হতে পারে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আবার নাশকতাও হতে পারে বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনি বাজারে জনসাধারণের মাঝে ঈদসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের সবার কাছে একটি প্রশ্ন জাগছে- কেন এত ঘন ঘন এবং শেষ রাতের দিকে দুর্ঘটনাগুলো ঘটছে, এ প্রশ্ন সবার। তবে সঠিক তদন্তের আগে নাশকতার কথা বলতে পারি না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিউ সুপার মার্কেটে লাগা আগুন নাশকতা কি-না তা এখনও আমরা নিশ্চিত নই জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা তদন্ত করছি।’

আগুন লাগার ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন কি-না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনিশ্চিত না হয়ে আমি কিছুই বলতে পারছি না। অনেকেই অনেক কথা বলতে পারে তবে আমরা তদন্তের পর সঠিক কারণ বলতে পারবো।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ের রাজধানীর দুইটি গুরুত্বপূর্ণ বাজার বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়।

(Feed Source: sunnews24x7.com)