সল্টলেকের ফাল্গুনী বাজার এলাকায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৫০টির বেশি ঝুপড়ি

সল্টলেকের ফাল্গুনী বাজার এলাকায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৫০টির বেশি ঝুপড়ি

ভয়াবহ আগুন লাগল সল্টলেকের ফাল্গুনী বাজার এলাকায়। সন্ধে ৭টা নাগাদ বাজার সংলগ্ন বস্তিতে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টাতেও সেই আগুন নেভাতে পারেনি দমকলবাহিনী। ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু।

সল্টলেকের ফাল্গুনী বাজার এলাকায় আবাসন লাগোয়া ঝুপড়িতে আগুন লাগে। দাহ্য পদার্থ দিয়ে তৈরি হওয়ায় ঝুপড়িগুলিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লেগে ঝুপড়ির ভিতরে থাকা একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয়। যার ফলে আগুন আরও ভয়াবহ আকার নেয় ফাল্গুনী বাজারে। দমকলের অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করেই আগুন লাগে ঝুপড়িতে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য বিদ্যুৎবিচ্ছিন্ন করা হয় গোটা এলাকা। সিলিন্ডার বিস্ফোরণের ফলে নিকটবর্তী আবাসনে ফাটল দেখা দিয়েছে।

দমকলকর্মীরা সিলিন্ডার উদ্ধারের কাজ করেছেন।

(নিজস্ব চিত্র)

স্থানীয় সূত্রে খবর, ওই বস্তি এলাকায় ১০০টিরও বেশি ঘর ছিল। অধিকাংশই আগুনে পুড়ে গিয়েছে। তবে ঝুপড়ির বাসিন্দাদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে রাত ৮টা নাগাদ দমকলমন্ত্রী সুজিত বসু পৌঁছন। আসেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী।

দমকল কর্মীরা ১২ থেকে ১৫টি সিলিন্ডার উদ্ধার করতে পেরেছেন। দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘প্রাণ হাতে করেই দমকলকর্মীরা সিলিন্ডার উদ্ধারের কাজ করেছেন। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা দেরি হয়েছে।’

আগুনে আশ্রয়হীনদের আপাতত একটি কমিউনিটি হলে থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, ‘আপাতত আগুন নেভার অপেক্ষা করছি। দমকলের রিপোর্ট পাওয়ার পর এই আশ্রয়হারাদের সরকারি নিয়মে মাথার ছাদের ব্যবস্থা করা হবে।’

(Feed Source: hindustantimes.com)