অভিশপ্ত লাইনে আবার ট্রেন চলাচল শুরু, বিভীষিকা কাটিয়ে ছন্দে ফিরল বাহানাগা স্টেশন

অভিশপ্ত লাইনে আবার ট্রেন চলাচল শুরু, বিভীষিকা কাটিয়ে ছন্দে ফিরল বাহানাগা স্টেশন

বালাসোর: বিভীষিকা কাটিয়ে ছন্দে ফিরছে বাহানাগা স্টেশন। শুক্রবারের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় উপড়ে পড়েছিল রেললাইন। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার এবং সাথে রেল লাইন ও ছিঁড়ে যাওয়া তার মেরামতির কাজে হাত লাগায় রেল। অবশেষে রবিবার সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে ডাউন লাইনে মালগাড়ি চালাল রেল কর্তপক্ষ। দ্রুত ট্রেন পরিষেবা চালু হবে বলে রেলওয়ে সূত্রে খবর।

ডাউন লাইনে পরীক্ষামূলকভাবে মাল গাড়ি চালানোর পর ভাগ্যবিধাতাকে প্রণাম করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে থেকে সম্পূর্ণ তদারকি করেছিলেন রেলমন্ত্রী। তবে দুর্ঘটনার প্রায় ৪৮ ঘন্টার মধ্যে ডাউন লাইন মেরামতি করে ট্রেন চালানোর পর প্রণাম করলেন রেলমন্ত্রী।

শুক্রবার রাতে এই বাহানাগা স্টেশনের কাছেই তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। করমণ্ডল এক্সপ্রেসের ২৩টি বগি খেলনা ট্রেনের মতো ছড়িয়ে ছিটিয়ে যায় এদিক-ওদিক। তার পর থেকেই সেনা ও এনডিআরএফ-এর জওয়ানরা উদ্ধারকাজে হাত লাগান। গ্যাসকাটার দিয়ে বগি থেকে একের পর মৃতদেহ ও আহতদের বের করে আনা হয়।

দুর্ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সেই লাইনে আবার ট্রেন চলাচল শুরু হল।

(Feed Source: news18.com)