
নয়াদিল্লি: মণিপুরে ইন্টারনেট বন্ধের ঘটনায় দ্রুত শুনানি করতে চাইল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলা হাইকোর্টে বিচারাধীন। ফলে নতুন করে শুনানি করে মামলাটি আরও জটিল করা অর্থহীন। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চে এই মামলার উল্লেখ করা হয় শুক্রবার।
মণিপুরে ৩ মে অশান্তি ছড়িয়ে পড়তেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তারই প্রতিবাদ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন এক ব্যবসায়ী এবং এক আইনজীবী। দু’ জনেই মণিপুরেরই বাসিন্দা।
তাঁদের দাবি, এই সিদ্ধান্ত যথাযথ নয়। কারণ ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে একদিকে সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার এবং অন্যদিকে নিজেদের পেশাগত দায়িত্ব থেকে বঞ্চিত করা হচ্ছে।
মামলাকারীদের আরও দাবি, আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে ইন্টারনেট সংযোগের কোনও সরাসরি সম্পর্ক নেই। ফলে ইন্টারনেট বন্ধ রাখা পুরোপুরি বেআইনি বলে দাবি করেন তাঁরা। তাঁদের এই বক্তব্য হাইকোর্টে জানাতে বলেন বিচারপতিরা।
