
জম্মু-কাশ্মীর: ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও লাদাখের একাধিক এলাকা। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাশ্মীরের ডোডায়। রাত ৯টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৪। প্রসঙ্গত, এদিন দুপুর ২টো নাগাদও জম্মু-কাশ্মীরে ভূমিকম্প হয়েছিল।
রিখটার স্কেলে এর মাত্র ৩। কাশ্মীরের রামবন এলাকাতে ভূমিকম্পটি হয়েছিল। প্রসঙ্গত, শেষ কয়েকদিনে উপত্যকায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু বারবার ভূমিকম্পের খবর আসার পরে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে।
গত ১৩ জুন কম্পন অনুভূত হয় দিল্লি, পঞ্জাব, চন্ডীগড়, জম্মু-কাশ্মীর সহ বেশ কিছু জায়গায়। দুপুর ১.৩৬ মিনিট নাগাদ ১০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে মাত্রা ৫.৭। ভর দুপুরে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী দিল্লি, পঞ্জাব সহ একাধিক জায়গায়।
প্রসঙ্গত, গত ৩ বছরে একাধিক ভূমিকম্পের সাক্ষী থেকেছে রাজধানী দিল্লি। ২০২১ সালে ৬.৩ রিখটার স্কেলে কেঁপে উঠেছিল দিল্লি। তারপর, ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি কম্পন অনুভূত হয়েছিল দিল্লিতে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৫।
এরপর ২০২২ সালে ১২ নভেম্বর ৫.৪ রিখটারের ভূমিকম্পের আঁচ লাগে দিল্লিতে। আর এই বছর ২১ মার্চ দিল্লিতে ভূমিকম্প হয় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৭।
