Tripura: নজরে আদিবাসী ভোট, লোকসভা ভোটে তিপ্রামোথাকে জোর টক্কর দেওয়ার তোড়জোর মানিকের

Tripura: নজরে আদিবাসী ভোট, লোকসভা ভোটে তিপ্রামোথাকে জোর টক্কর দেওয়ার তোড়জোর মানিকের

আগরতলা: রাজ্যের বিজেপি জোট সরকারের শরিক দল আইপিএফটি-র এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এই প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন মন্ত্রী ও দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, কৃষ্ণকান্ত জমাতিয়া, প্রশান্ত দেববর্মা, স্বপন দেববর্মা, বুদ্ধিমান দেববর্মা এবং সিন্ধু চরণ জমাতিয়া। তাঁরা মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এসে সাক্ষাৎ করেন। বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের আলোচনা হয়। বর্তমান মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর সাধারণ মানুষ বিশেষ করে জনজাতি অংশের মানুষের কল্যাণে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছেন, এগুলি কীভাবে ব্যাপক স্তরে জনজাতি অংশের জনগণের মাঝে তুলে ধরা যায় এই বিষয় নিয়ে কথা হয়েছে দলটির সঙ্গে। তার পাশাপাশি তাঁরা রাজ্য সরকারের সব ধরনের জনকল্যানকারী কাজে সহযোগিতা করার ও সরকারের পাশে থাকার বিষয়ে মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন।

অন্যদিকে ধর্ম মহাসভায় গিয়ে যুবসমাজকে ধর্মীয় পথ অনুসরণের আহ্বান মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, দেশের যুব প্রজন্ম যদি নিয়মিত ভাবে ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে ধর্মের কথা শোনে, তাহলে সমাজ আরও সঠিক দিশায় চলবে এবং বিশৃঙ্খলা অনেকটাই কমে যাবে, এই অভিমত রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার। আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দিরে আয়োজিত ধর্ম মহাসভায় বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন তিনি।

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দের বাণী উল্লেখ করে বলেন, ‘জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।’ তিনি নিজে প্রথম জীবনে ডাক্তার হিসেবে মানুষের সেবা করেছেন। এরপর ছাত্রছাত্রীদের পড়িয়েছেন। এখন মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের মানুষের জন্য কাজ করছেন।

তাঁর কথায়, ‘‘আমাদের দেশের প্রায় ৬৫ শতাংশ যুবক অংশের মানুষ তারা যদি আগে থেকে ধর্মীয় প্রতিষ্ঠান গুলিতে নিয়মিত ভাবে আসতেন তাহলে তারা সঠিক দিশা পেত এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা অনেকটাই কমে যেত। তাই তিনি যুব সম্প্রদায়কে নিয়মিত ভাবে ধর্মীয় প্রতিষ্ঠানে আসার আহ্বান রাখেন। আগে একটা সময় ছিল যখন আমাদের দেশের মানুষ অনেক বেশি করে ধর্মীয় বিষয়গুলিতে গুরুত্ব দিতেন, কিন্তু পরবর্তী সময়ে ধীরে ধীরে এই বিষয়গুলো থেকে মানুষ সরে আসেন। তবে আবার নতুন করে মানুষ ধর্মীয় বিষয়গুলির দিকে ফিরে যাচ্ছেন। এই কাজ হচ্ছে দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জন্য। বিশ্বের দরবারে যোগ-সহ ভারতীয় সংস্কৃতি তুলে ধরছেন তিনি, তাই সারা বিশ্বে তাকে বিপুল ভাবে সমাদৃত করা হচ্ছে।’’ সমাজের সকল অংশের মানুষ যাতে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয় এই আহ্বান রেখে তিনি বক্তব্য শেষ করেন।

(Feed Source: news18.com)