
কলকাতা: দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির (Rain) দাপট। রাতভর মুষলধারায় বৃষ্টির পর সকাল থেকে মেঘলা কলকাতার (Kolkata) আকাশ। বৃষ্টি কখনও আসছে, কখনও ছাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। দফায় দফায় কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ ছত্তিশগঢ়ের কাছে অবস্থান করছে। তা ক্রমশ এগোচ্ছে মধ্যপ্রদেশের দিকে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে।
রাজ্যের অন্যান্য খবরগুলি-
একবালপুরে চালু হল কলকাতা পুরসভার নতুন পাম্পিং স্টেশন। তৈরি হওয়ার মাত্র ৮ মাসের মধ্যেই, আংশিকভাবে কাজ শুরু হল। অন্যদিকে উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি চত্বরে জমা জলের দুর্ভোগ মেটাতেও, ঋষিকেশ পার্কে নতুন পাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা নিয়েছে পুরসভা।
কেন্দ্রীয় বাহিনী আসবে, দু’দিন পরে চলে যাবে। তারপর কিন্তু আমরাই থাকব। কথাটা মাথায় রাখবেন। লালমাটির জেলায় এবার হুমকির সুর, নানুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা কাজল শেখের! পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল নেতার হুমকি নিয়ে জবাব দিতে দেরি করেনি বিজেপি।
নিজেরই সংস্থার কম টাকার বেশি টাকায় কিনে কালো টাকা সাদা করেছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। আদালতে জমা দেওয়া রিমান্ড লেটারে এমনই দাবি করেছে ইডি। পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সির দাবি, ১০ টাকার শেয়ার ৪৪০ টাকায় বিক্রি করা হয়েছে।
আদালতের নির্দেশ মানছে না রাজ্য় নির্বাচন কমিশন। এই অভিযোগে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। পাশাপাশি, তারা জানিয়েছে, ডিসি অফিস থেকে পুলিশ ট্য়াগিং-এর সময় প্রতিটি বুথে অন্তত ৪ জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সুনিশ্চিত না করলে, শনিবার থেকে বুধবার পর্যন্ত লাগাতার কমিশনের অফিস ঘেরাও করা হবে।
আচমকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে হাজার হাজার টাকা! বিভিন্ন ওয়েবসাইট থেকে আধার নম্বর, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চুরি করে প্রতারণার অভিযোগ। কীভাবে ফাঁদ পাতছে প্রতারকরা? কীভাবেই বা এর হাত থেকে বাঁচবেন? বলছেন সাইবার বিশেষজ্ঞরা।
(Feed Source: abplive.com)
