
আগরতলা: কুমারঘাটে উল্টোরথে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আগরতলার জিবি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আহতদের চিকিৎসায় যাতে কোনও ধরণের সমস্যা না হয়, সে জন্য মুখ্যসচিব থেকে শুরু করে স্বাস্থ্য দফতরের সচিব এবং জিবির মেডিক্যাল সুপারকে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। দুর্ঘটনায় জখম রোগীদের ঔষধপত্র থেকে খাওয়া-দাওয়া ব্যয়ভার রাজ্য সরকার বহন করবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার কুমারঘাটে উল্টো রথ ফেরার সময়ে জাতীয় সড়কের ওপর রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ২ শিশু-সহ ৭ জন নিহত, ১৬ জন আহত। জিবি হাসপাতালে গিয়ে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তাঁদের সঙ্গে এ দিন কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক-সহ জিবি কর্তৃপক্ষের সঙ্গেও চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেন।
মুখ্যমন্ত্রী জানান, ‘গোটা বিষয়টি নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা হয়েছে। রোগীদের সঙ্গেও কথা হয়েছে। আহত রোগীদের সুস্থ করে তুলতে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। আহত রোগীরা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন আশা প্রকাশ করি।’ রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তার বিষয়ে কোনও সমস্যা হবে না বলেও এ দিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন মানিক সাহা।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ব্যক্তিগতভাবে মুখ্যসচিব, স্বাস্থ্য সচিব এবং জিবির মেডিক্যাল সুপারকে নির্দেশ দিয়েছি সরকার খাদ্য ও ওষুধ-সহ সমস্ত খরচ বহন করবে। রাজ্য সরকার সাধ্য মতো সাহায্য করবে।কুমারঘাটে এই মর্মান্তিক ঘটনার পরপরই রাতের ট্রেনে চেপে সেখানে গিয়ে গোটা পরিস্থিতির খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। খোঁজ নিয়েছেন নিহত ব্যক্তিদের। কথা বলেছেন মৃতদের পরিজনদের সঙ্গে। সেইসঙ্গে হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন।
এ দিকে কুমারঘাট ডাকবাংলোতে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আহত, নিহতদের আর্থিক সহায়তার ঘোষণা করেন। তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক নিহতের নিকট আত্মীয়কে চার লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া দুর্ঘটনায় ৬০ শতাংশেরও বেশি আহতদের ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৪০-৬০ শতাংশ আহতদের ৭৪ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়াও আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকেও এই ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় আহতদের চিকিৎসার প্রয়োজনে বহিঃরাজ্যে নিয়ে যেতে হলে সরকার তার ব্যয়ভার বহন করবে। উল্লেখ্য, এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
(Feed Source: news18.com)
