
মুম্বই: ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে৷ ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ১৫ জনের৷ ঘটনায় আহত হলেন ২০ জন৷ পরপর চারটি গাড়িতে ধাক্কা মেরে একটি ট্রাক সোজা ঢুকে গেল হাইওয়ের পাশের একটি হোটেলে৷ মুম্বই-আগ্রা হাইওয়ের উপর এই দুর্ঘটনায় আকস্মিকতায় আপাতত কাঁপছে গোটা মহারাষ্ট্র৷ ঘটনাটি ঘটেছে মুম্বই থেকে ৩০০ কিলোমিটার দূরে হাইওয়ের উপর৷
সূত্রের খবর অনুসারে, মহারাষ্ট্রের ধুলেতে এই দুর্ঘটনার সময় গাড়িটি পরপর চারটি গাড়িতে ধাক্কা মারে৷ ধাক্কা মেরে সেই গাড়িটি ঢুকে যায় রাস্তার ধারের একটি হোটেলে৷ আর সেই ঘটনায় প্রাথমিক ভাবে দশ জনের মৃত্যুর খবর এসেছিল, পরে সেই সংখ্যাটি বেড়ে হয় ১৫৷
প্রাথমিক তদন্তের পর খবর মিলেছে, গাড়িটির ব্রেক কাজ করছিল না৷ সেটি প্রথমে দু’টি মোটরসাইকেলে ধাক্কা মারে, তারপর একটি গাড়িতে ধাক্কা মারে, শেষে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আরও একটি ট্রাকে ধাক্কা মারে৷ তারপর নিয়ন্ত্রণ হারিয়ে এটি সরাসরি ঢুকে যায় রাস্তার ধারের একটি হোটেলে, তার পর উল্টে যায়৷
ট্রাকটি ধুলে থেকে মধ্যপ্রদেশ যাচ্ছিল৷ সেই সময়েই শুরুর দিকেই ব্রেকের নিয়ন্ত্রণ হারিয়ে যায়৷ সেই সময়ে ১০ জনের মৃত্যুর খবর আসে৷ পরে মৃতের সংখ্যা বেড়ে হয় ১৫৷ মৃতদের মধ্যে বেশিরভাগ রয়েছেন, যাঁরা বাস-স্টপে বাসের জন্য অপেক্ষা করছিলেন৷ পরিস্থিতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়৷ আহতদের স্থানীয় শিরপুর ও ধুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
