১৩ প্রেমিক, ৪ স্বামীর সর্বস্ব লুঠে ফেরার সুন্দরী! হন্যে হয়ে খুঁজছে পুলিশ

১৩ প্রেমিক, ৪ স্বামীর সর্বস্ব লুঠে ফেরার সুন্দরী! হন্যে হয়ে খুঁজছে পুলিশ

কথায় বলে সুন্দর মুখের জয় সর্বত্র। সেই সুন্দর মুখ হাতিয়ার করেই একের পর এক লুঠ চালাত যুবতী। গল্প নয়। বাস্তবে জানা গিয়েছে তেলঙ্গানার এক প্রতারক মহিলার কথা। শুধু যে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব হরণ, তা-ই নয়। বিয়ে করা বরকে শারীরিক সম্পর্কের ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে টাকা দাবি করার অভিযোগও উঠছে তার বিরুদ্ধে।

জানা গিয়েছে, ওই মহিলার প্রেমের ফাঁদে এখনও পর্যন্ত ১৭ জন প্রতারিত হয়েছেন। এঁদের মধ্যে চারজনের সম্পর্ক আবার গড়িয়েছিল বিয়ে পর্যন্ত। সব ক’জনকেই নাস্তানাবুদ করে ছেড়েছে সুন্দরী। সৌন্দর্যকে হাতিয়ার করে প্রেম বা বিয়ের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়াই তার উদ্দেশ্য। এ জন্য সে ব্যবহার করে অনলাইন অ্যাপকে।

জানা গিয়েছে, ওই মহিলার প্রাথমিক লক্ষ্য সম্পন্ন পরিবারের অবিবাহিত যুবকেরা। ম্যারেজ অ্যাপে ছবি পোস্ট করে পরিচিতি তৈরি করত ওই যুবতী। বিয়ের পর সপ্তাহ খানেক শ্বশুরবাড়িতে থাকার পরই তার মনে হত একবার গ্রামে বাপের বাড়ি যাওয়া দরকার। তারপর থেকেই বেপাত্তা— ‘বউ’ এবং টাকাকড়ি-গয়নাগাটি।

এমন ভাবেই প্রতারিত হয়েছেন পেড়াপল্লি জেলার এনটিপিসি অন্নপূর্ণা কলোনির বাসিন্দা সুদ্দলা রেভান্থ। বিয়ের জন্য পাত্রী পেতে ম্যারেজ অ্যাপে খোঁজ চালাচ্চিলেন আর্য বৈশ্য। তিনিও পড়েছেন ওই মহিলার ফাঁদে। তখন ওই যুবতী নিজের নাম বলে আনুশা। বিয়ের আগেই আর্যকে দিতে হয়েছিল ২ লক্ষ ৯০ হাজার টাকা। গত ১৪ ডিসেম্বর আনুশা-আর্যর বিয়ে হয়। বিয়ের পর এক সপ্তাহ দিব্যি সংসার করার পর আনুশা হঠাৎ ৪ ভরি সোনার গয়না এবং ৭০ হাজার টাকা নিয়ে বাপের বাড়ি চলে যায়। আর তার খোঁজ মেলেনি।

এই যুবতীর চতুর্থ স্বামী রেভান্থ। তাঁর অভিযোগ, ওই যুবতীর সঙ্গে তাঁর শারীরিক সম্পর্কও হয়েছিল। তারপর তিনি বুঝতে পারেন, এর আগে তিনবার বিয়ে করেছে ওই যুবতী। তখনই প্রতিবাদ করেন। কিন্তু তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভয় দেখায় মহিলা। দাবি করা হয় ২০ লক্ষ টাকা। এর পরই পুলিশের দ্বারস্থ হয়েছেন রেভান্থ।

রেভান্থের আশঙ্কা টাকা না পেলে তাঁকে মেরে ফেলাও হতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতারক যুবতীর খোঁজে তল্লাশি চলছে।

(Feed Source: news18.com)