
আইসল্যান্ড: গত ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম ইউরোপের দেশ আইসল্যান্ডে ২,২০০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তারপর থেকেই আতঙ্কে গোটা দেশ। আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকের আশেপাশের এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। আইসল্যান্ড আবহাওয়া অফিস (আইএমও) সতর্ক করেছে যে এটি একটি সংকেত যে আগ্নেয়গিরিটি শীঘ্রই অগ্ন্যুৎপাত হতে পারে।
রিপোর্ট অনুযায়ী, আইএমও জানিয়েছে যে বিকেল ৪টার দিকে মাউন্ট ফাগ্রাডালসফজাল এর নীচে কম্পন শুরু হয়। পর্বতটি একটি আগ্নেয়গিরির উপরে অবস্থিত। এখানে দুই বছরে রেকজেনেস উপদ্বীপে দুটি অগ্ন্যুৎপাত হয়েছে – আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম প্রান্তে।
সংস্থাটি জানিয়েছে, প্রায় ২,২০০ ভূমিকম্প আপাতত হয়েছে। এবং সবচেয়ে বড় ভূমিকম্প আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম অংশে অনুভূত হয়েছে। এতে আরও ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। ২০১০ সালের এপ্রিল ইজাফজাল্লাজোকুল আগ্নেয়গিরিতে ব্যাপক অগ্ন্যুৎপাতের পর প্রায় ১ লাখ ফ্লাইট বাতিল করা হয়েছিল। তার জেরে ১০ মিলিয়নেরও বেশি যাত্রী আটকে গেছিলেন।
২০২১ এবং ২০২২ উভয় বছরেই ফাগ্রাডালসফজল পর্বতের কাছে লাভা বেরিয়েছিল। আইসল্যান্ড ভূমিকম্পের জন্য একটি সংবেদনশীল অঞ্চল হিসাবে বিবেচিত হয়। যেখানে সাধারণত বছরে এক হাজার ভূমিকম্প হয়। এর পাশাপাশি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনার জন্য এই দেশটিকে সমগ্র ইউরোপের মধ্যে সবচেয়ে সংবেদনশীল হিসাবে বিবেচনা করা হয়।
প্রতি ৫ বছরে এখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছোটখাটো ঘটনা ঘটে। যদিও এখানকার বাসিন্দাদের ইতিমধ্যেই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন।
