তিন স্তরেই সবুজ ঝড়, পঞ্চায়েতের চূড়ান্ত ফলে পেতে বৃহস্পতিবার!

তিন স্তরেই সবুজ ঝড়, পঞ্চায়েতের চূড়ান্ত ফলে পেতে বৃহস্পতিবার!

কলকাতা: বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্যে দিয়েই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে। চূড়ান্ত ফল হাতে পেতে বেশ কিছুটা সময় বাকি থাকলেও পঞ্চায়েতের তিন স্তর- গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে শাসক দল তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকার স্পষ্ট ইঙ্গিত মিলেছে।

সমতলের ২০ জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ও পাহাড়ের দুই জেলায় দ্বিস্তরীয় পঞ্চায়েত  নির্বাচনে সব মিলিয়ে প্রায় ৭৪ হাজার আসনে  ভোট গ্রহণ করা হয়েছে গত শনিবার। সোমবার সকাল আটটা থেকে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া পাহারায় ৩৩৯ টি কেন্দ্রে গণনা শুরু হয়। প্রথমে গ্রাম পঞ্চায়েতের ৬১ হাজারের বেশি আসনে শুরু হয় গণনা। দুপুরের পর থেকেই ভোটের ফলাফলে স্পষ্ট হতে শুরু করে যে গ্রাম দখলের লড়াইতে ধারে ও ভারে এগিয়ে আছে ঘাস ফুল শিবির।  দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তৃতীয় স্থানে রয়েছে বাম-কংগ্রেস জোট। পঞ্চায়েত সমিতির ফলাফলেও রাত পর্যন্ত একই ট্রেন্ড ধরা পড়েছে। রাত পর্যন্ত ২৩ জেলা পরিষদের সবকটিতেই এগিয়ে আছে তৃণমূল।

ত্রিস্তরীয় পঞ্চায়েতের সর্বনিম্ন স্তর গ্রাম পঞ্চায়েতের চূড়ান্ত ফলে শাসক দল তৃণমূল কংগ্রেসের  বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী,  ২২টি জেলার ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হয়েছিল তার মধ্যে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া তথ্য বলছে ২,১১৭টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে গিয়েছে। বিজেপি পেয়েছে ১৭৪টি গ্রাম পঞ্চায়েত। কংগ্রেস পেয়েছে ১১৫টি গ্রাম পঞ্চায়েত। বামেরা পেয়েছে ৭৮টি গ্রাম পঞ্চায়েত। আইএসএফ পেয়েছে ৮টি গ্রাম পঞ্চায়েত। ৯০টি গ্রাম পঞ্চায়েত গিয়েছে অনান্যদের দখলে।

এই ৯০টির মধ্যে একটা বড় অংশ আবার পাহাড়ের দুই জেলার ৮টি ব্লকে ছড়িয়ে আছে। পঞ্চায়েতের মোট ৬৩ হাজার ২২৯টি আসনের মধ্যে এখনও তৃণমূল জয়ী ১৯,০৫৯ আসনে। বিজেপির ঝুলিতে গিয়েছে ২,৭১৬টি আসন। বামেদের ঝুলিতে গিয়েছে ১,০২৪টি আসন। কংগ্রেস জিতেছে ৫৪২টি আসনে।

৩৬১ টি পঞ্চায়েত সমিতির মধ্যে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তৃণমূল কংগ্রেস জিতেছে/এগিয়ে আছে ৬৭ টিতে। বিজেপির দখলে গিয়েছে ৯ টি পঞ্চায়েত সমিতি। বামেরা এগিয়ে আছে দুটিতে। পঞ্চায়েতের চূড়ান্ত ফল হাতে পেতে বৃহস্পতিবার বেলা গড়িযে যাবে বলে মনে করছে রাজ্য  নির্বাচন কমিশন।   পঞ্চায়েতের জয়ের সূত্র ধরেই রাজ্যবাসীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিরোধীদের অপপ্রচার, কুৎসা, মিথ্যাচারিতাকে তীব্র কটাক্ষ হেনেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেছেন, “বিরোধীরা ‘নো ভোট টু মমতা’ স্লোগান তুলেছিল, মানুষ সেই প্রচারকে ‘নাও ভোট ফর মমতায়’ বদলে দিয়েছে’। তাঁর কথায়, “তৃণমূলের নবজোয়ার কর্মূসচিতে বিপুল সাড়া দিয়েছে মানুষ। তার ফলে বড় জনাদেশ পেতে চলেছে দল। এতে লোকসভা ভোটের পথ প্রশস্ত হবে। বাংলা, আমি আপনাদের সবাইকে ভালবাসি”।

(Feed Source: news18.com)