রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিতি! লিখিত বিবৃতি দিলেন যাদবপুরের সহ-উপাচার্য

রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিতি! লিখিত বিবৃতি দিলেন যাদবপুরের সহ-উপাচার্য

কলকাতা: বিভিন্ন ইস্যুতে দিনভর উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়, বাতিল ওয়ার্কিং কমিটির বৈঠক। সোমবার দিনভর উত্তাল রইল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের একাংশের প্রতিবাদে ভণ্ডুল হল ওয়ার্কিং কমিটির বৈঠক। কর্মচারীদের দাবিতে রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দুঃখপ্রকাশ করে লিখিত বিবৃতি দিলেন সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। এদিকে, ক্যাম্পাস জুড়ে সংগঠনের পতাকা ছেঁড়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ দেখায় টিএমসিপি। ফলে কোনও শিক্ষক বা আধিকারিকদের গাড়ি সেখান দিয়ে ঢুকতে পারেনি।

দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে এগজিকিউটিভ কাউন্সিলের (ইসি) বৈঠক হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ফলে দৈনন্দিন আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সোমবার ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছিলেন উপাচার্য পদের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক অমিতাভ দত্ত। সেই কমিটির গঠনতন্ত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এদিনের বৈঠক বাতিলের দাবিতে স্মারকলিপি দেয় অধ্যাপক সংগঠন অ্যাবুটা। অবশেষে অমিতাভবাবু বৈঠক বাতিল করে দ্রুত এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকার ব্যাপারে সম্মত হয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। অ্যাবুটার তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয় লোকাল চ্যাপ্টারের আহ্বায়ক দেবব্রত বেরা বলেন, ‘ওয়ার্কিং কমিটি সম্পূর্ণ অবৈধ। এগজিকিউটিভ কাউন্সিল আইন বহির্ভূতভাবেই এটি তৈরি করেছিল। তবে, তাতে বলা হয়েছিল, এই কমিটিতে অন্তত চারজন ইসি সদস্য রাখতে হবে। তা মানা হচ্ছে না। ইচ্ছেমতো শিক্ষক এবং আধিকারিকদের নিয়ে গঠিত এই কমিটি স্বাধীনভাবে কাজ করছে যা অবৈধ।’

২৪ জুন ওয়ার্কিং কমিটির বৈঠকে ফিনান্স অফিসার গৌরকৃষ্ণ পট্টনায়েকের চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়। অ্যাবুটার দাবি, সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও ওয়ার্কিং কমিটি নিতে পারে না। এটা নেওয়ার অধিকারী ইসি। সূত্রের খবর, ইসিতে রাজ্য সরকার মনোনীত প্রতিনিধি, ইংরেজির অধ্যাপক মনোজিৎ মণ্ডলও দ্রুত বৈঠক ডাকার দাবিতে চিঠি দিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্যকে। উচ্চশিক্ষা দফতরেও ইসি বৈঠক না ডাকা নিয়ে বিস্তারিত অভিযোগ জানিয়েছেন।

এদিকে, ২১ জুলাইয়ের সমাবেশের প্রাক্কালে ডাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে ঘেরাও করে হেনস্তার অভিযোগ উঠেছিল এসএফআইয়ের বিরুদ্ধে। এর পাল্টা হিসেবে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতি এদিন স্মারকলিপি দেয় সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে। তারা বলে, জানুয়ারিতে যাদবপুর ওপেন এয়ার থিয়েটারে এসেছিলেন চে গুয়েভারার কন্যা এবং নাতনি। সেটা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলেরই কর্মসূচি ছিল। সেখানে উপস্থিত থাকার জন্য উপাচার্য, সহ-উপাচার্যদের চিঠি দিয়েছিলেন বামপন্থী অধ্যাপকরা। সেখানে উপস্থিত হয়েও তিনি ঠিক করেননি। অবশেষে, চিরঞ্জীবাবু বিবৃতি দিয়ে জানিয়েছেন, সেই অনুষ্ঠানেও উপস্থিত থাকা তাঁর উচিত হয়নি।

এদিকে, ২১ জুলাই উপলক্ষে টিএমসিপি যাদবপুর ক্যাম্পাস নিজেদের সংগঠনের ঝাণ্ডায় মুড়ে রেখেছিল। তবে, রাতের অন্ধকারে সেগুলি ছিঁড়ে ফেলা হয়। তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ। তার জেরেও বেশ কিছুক্ষণ উত্তপ্ত থাকে ক্যাম্পাস।

(Feed Source: news18.com)