এবার মুম্বইয়ে ‘ইন্ডিয়া’, অগাস্টের শেষেই হতে পারে বিরোধী জোটের তৃতীয় বৈঠক

এবার মুম্বইয়ে ‘ইন্ডিয়া’, অগাস্টের শেষেই হতে পারে বিরোধী জোটের তৃতীয় বৈঠক

নয়াদিল্লি: মোদি সরকারের উপরে এবার চাপ আরও বাড়াল বিরোধী শিবিরের ইন্ডিয়া জোট৷ সূত্রের খবর, অগাস্টের ২৫ ও ২৬ তারিখ মুম্বইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তৃতীয় বৈঠকের আয়োজক মূলত এনসিপি ও শিবসেনা। শরদ পওয়ার, উদ্ধব ঠাকরেদের আয়োজনে যোগ দেবেন বাকি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

২৪-এর লোকসভা নির্বাচনে মোদি সরকারকে উৎখাতের লক্ষ্যে জোটবদ্ধ হয়েছে মোট ২৬টি বিরোধী দল। কংগ্রেস, তৃণমূল, আপ, জেডিইউ, আরজেডি, শিব সেনা, এনসিপি-সহ সবকটি আঞ্চলিক দল হাতে হাত মিলিয়েছে। তার নাম INDIA (ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স)।  ইতিমধ্যে গত ২ মাসে পটনা ও বেঙ্গালুরুতে বৈঠক করেছেন নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গে, অরবিন্দ কেজরিওয়ালরা।

প্রথম বৈঠকটি নীতীশ কুমারের নেতৃত্বে ছিল পটনায়। দ্বিতীয় বৈঠক ছিল ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে। এই বৈঠকেই মমতা বন্দোপাধ্যায় জোটের নাম দেন INDIA। এবার মুম্বই বৈঠকে প্রচার কৌশল ও আসন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। পটনা বৈঠকে যত সংখ্যক প্রতিনিধি যোগ দিয়েছিল, তার চেয়ে বেশি সংখ্যক প্রতিনিধি যোগ দেয় বেঙ্গালুরু বৈঠকে। আর এই বৈঠকেই একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল INDIA জোটের নামকরণ৷ প্রতিদিন অবশ্য বিজেপি শিবিরের তরফ থেকে এই জোটকে কটাক্ষ করা হচ্ছে। এই কটাক্ষের পালটা জবাব ও কর্মসূচী তৈরি করছে জোট শিবির৷ আর সেই কারণেই আগামী ২৯ ও ৩০ তারিখ মণিপুর যেতে চলেছে তারা। মণিপুর ইস্যুতে সংসদের দুই কক্ষেই সুর চড়াচ্ছে তারা। এবার মুম্বই বৈঠক নিয়েও শুরু হয়ে গেল তোড়জোড়।

রাজনৈতিক সূত্রে খবর, মুম্বই বৈঠকে আলোচনা হবে জোট কোন কোন ইস্যুতে প্রচার চালাবে৷ সামনে একাধিক ভোটমুখী রাজ্য আছে৷ সেখানেই প্রচার শুরু করার ভাবনা৷ আর এখন থেকেই ধাপে ধাপে শুরু করতে চান তারা আসন বিন্যাস নিয়ে আলোচনা। সংসদের অধিবেশন শেষ হলেই তাই মুম্বই বৈঠক হতে পারে৷

(Feed Source: news18.com)