
কলকাতা: ‘গদর ২’ দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন ৩২-এর যুবক। কিন্তু ছবি আর দেখা হল না শেষমেশ। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনা। পুরো ঘটনাটি প্রেক্ষাগৃহে বসানো সিসিটিভি-তে ধরা পড়ে। জানা যায়, মৃত ব্যক্তির নাম অষ্টক তিওয়ারি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফোনে কথা বলার সময় মাটিতে পড়েন অষ্টক। আশেপাশের লোকজন সাহায্যের জন্য ছুটে আসেন।
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাইপাল সিং জানিয়েছেন, যে অষ্টকের ফোন আনলক ছিল এবং তাই রক্ষী এবং বাউন্সাররা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
যুবকের মৃত্যু নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। নিহত ব্যক্তি সদর কোতয়ালী এলাকার দ্বারকাপুরী এলাকার বাসিন্দা।
গদর 2 বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি। টি শাহরুখ খানের ‘পাঠান’-এর পর বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনার। আপাতত বক্স অফিসে ৫০০ কোটির পথে ছবিটি।
