
বীরভূম: কাউন্সিলর হিসাবে পদত্যাগ পত্র জমা দেওয়ার পর মতবদল বীরভূমের সিউড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রণব করের। গত ৫ অগাস্ট তিনি সিউড়ির ১৫ নম্বর ওয়ার্ডের তৃনমুল কাউন্সিলরের পদ ও সিউড়ী পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান। পুরসভার বোর্ড অফ কাউন্সিলরকে ও সিউড়ির মহকুমা শাসককে পদত্যাগ পত্র লেখেন।
সিউড়ি পুরসভার বোর্ড অফ কাউন্সিলরের বৈঠকে প্রণব করের সিউড়ি পুরসভার চেয়ারম্যানের পদের পদত্যাগ পত্র গৃহীত হলেও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের পদত্যাগ পত্র গৃহীত হয়নি। যে পদত্যাগের চিঠি দিয়েছিলেন কাউন্সিলর, তা প্রত্যাহার করতে চেয়ে ফের সিউড়ি পুরসভার বোর্ড অফ কাউন্সিলরকে চিঠি দিলেন প্রণব কর।
আজ অবশ্য তিনি কিছুটা মতবদল করলেন। আবেদন জানালেন, তিনি সুস্থ আর তাই কাউন্সিলর থাকতে চান। অবশ্য চেয়ারম্যান হিসাবে তাঁর পদত্যাগ গ্রহণ হয়েছে। যদিও কাউন্সিলর হিসাবে পদত্যাগ গ্রহণ হয়নি।
স্বাভাবিক ভাবেই তিনিই কাউন্সিলর রয়েছেন। সিউড়ি ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমুল কাউন্সিলর প্রণব কর বলেন, ” গত ৫ অগাস্ট আমি পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে সিউড়ির ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমুল কাউন্সিলরের পদ ও সিউড়ি পুরসভার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করি পুরসভার বোর্ড অফ কাউন্সিলরকে ও সিউড়ির মহকুমা শাসককে পদত্যাগ পত্র লিখে। কিন্তু চেয়ারম্যান পদের পদত্যাগ গ্রহণ করা হলেও ১৫ ওয়ার্ডের কাউন্সিলর পদে পদত্যাগ গ্রহণ হয়নি। ১৫ নং ওয়ার্ডের অনেক কাজ আমি করেছি, তাই এই ঘটনার পরবর্তীতে ওই ওয়ার্ডের মানুষেরা আমার কাছে এসে অনুরোধ করেন যাতে আমি কাউন্সিলর হিসেনে পদত্যাগ না করি। বর্তমানে আমি শারীরিক ভাবে সুস্থ এবং ওই ওয়ার্ডের মানুষদের এই অনুরোধের কারণে এই পদে থাকার জন্য আমি আবার একটি পত্র দিয়ে আবেদন জানাই।”
