কবে হবে পশ্চিমবঙ্গ দিবস? সর্বদলীয় বৈঠকের পরে এবার প্রস্তাব নিয়ে আলোচনা বিধানসভায়

কবে হবে পশ্চিমবঙ্গ দিবস? সর্বদলীয় বৈঠকের পরে এবার প্রস্তাব নিয়ে আলোচনা বিধানসভায়

কলকাতা: কবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’? এখন এই বিষয়টিই রাজ্য-রাজভবন টানাপড়েনের নবতম সংযোজন৷ রাজভবনের পশ্চিমবঙ্গ দিবসের বিরোধিতা করে এবার বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই বিশেষ কমিটির সঙ্গে বৈঠক করেছেন বিধানসভার অধ্যক্ষ। সেখানেই বিষয়টি ঠিক হয়েছে বলে খবর সূত্রের৷

প্রসঙ্গত, গত ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিল রাজভবন। সেই দিনের বিরোধিতা করতে চলেছে রাজ্য সরকার। এই কারণেই নয়া কমিটি গঠন করা হয়েছিল। ইতিমধ্যেই এই প্রসঙ্গেই বৈঠক হয়েছে বিধানসভায়। এদিকে ‘পশ্চিমবঙ্গ দিবসে’র দিনক্ষণ কখন হবে, তা নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

গত ২৯ অগাস্ট বিকেল ৪:৩০ নাগাদ নবান্ন সভাঘরে এই বৈঠক হয়েছে৷ সূত্রের খবর, ‘পশ্চিমবঙ্গ দিবসে’র নয়া দিন হিসাবে ১লা বৈশাখের দিনটাই স্থির করতে চায় রাজ্য সরকার৷ এই দিনটা এমনিতেই বাঙালির কাছে গুরুত্বপূর্ণ৷ পাশাপাশি, নববর্ষে রাজ্যজুড়েই থাকে উৎসবের মেজাজ৷ তবে দিন স্থির করার বিষয়টি মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষ বলেই জানা গিয়েছে।

গত সপ্তাহেই ১ বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের সুপারিশ করেছে ‘পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটি’। ওইদিন বিধানসভায় কমিটির উপদেষ্টা তথা প্রাক্তন সাংসদ সুগত বসুর নেতৃত্বে একটি বৈঠক হয়। বিধানসভা সূত্রে খবর, সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, ১ বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করা যেতে পারে। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ইতিহাসকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন সুগত।

তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ছেড়ে দিয়েছে কমিটি। বিধানসভার পাশাপাশি ইতিমধ্যেই নবান্নে সর্বদলীয় বৈঠক ডেকেছিল রাজ্য সরকার। যদিও সেই বৈঠকে এস ইউ সি আই ও সিপিআইএমএল ছাড়া বাম-কংগ্রেস-বিজেপি কেউই যোগ দেয়নি৷

তবে বাকি যে সব ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাঁদের আলোচনায় একাধিক দিন নিয়ে আলোচনা হয়েছে৷ যার মধ্যে আছে ১২ ডিসেম্বর, ২৩ জানুয়ারির মতো দিনও রয়েছে৷ তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজকে। যা নিয়ে আগ্রহ রাজনৈতিক মহলেও।

(Feed Source: news18.com)