রেলের কাজে গতি বাড়ছে, অগ্রগতি পর্যালোচনা উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের

রেলের কাজে গতি বাড়ছে, অগ্রগতি পর্যালোচনা উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব আজ লঙ্কা, লামডিং ও ডিমাপুর স্টেশনের অগ্রগতি পর্যালোচনা করলেন যেগুলি অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পুনর্বিকাশ করা হবে৷ তিনি অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে করণীয় বিভিন্ন কাজ পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় জেনারেল ম্যানেজারকে সঙ্গ দিয়েছেন বিভিন্ন বিভাগের প্রধান ও ডিভিশনাল আধিকারিকদের সঙ্গে লামডিঙের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী প্রেম রঞ্জন কুমার।

অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে লংকা, লামডিং ও ডিমাপুর স্টেশনকে যথাক্রমে ৩০.১ কোটি টাকা, ৪০.৮ কোটি টাকা ও ২৬৫.৬ কোটি টাকা আনুমানিক ব্যয়ে পুনর্বিকশিত করা হবে। জেনারেল ম্যানেজার নতুন স্টেশন বিল্ডিং, ক্রু লবি, ফুট ওভার ব্রিজ, প্ল্যাটফর্ম ও অন্যান্য যাত্রী সুযোগ-সুবিধা সম্পর্কিত কাজের পরিকল্পনাগুলি পুংখানুপুংখভাবে পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের একাধিক প্রতিনিধির সঙ্গে বার্তালাপ করেন এবং রেলওয়ে বোর্ডের জারিকৃত নির্দেশাবলি অনুযায়ী এই জোনের মধ্যে পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যকলাপ সম্পর্কে বর্ণনা করেন।

তিনি বলেন, অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে লংকা, লামডিং ও ডিমাপুরের মতো স্টেশনগুলির উন্নয়ন করা হবে। এছাড়াও জেনারেল ম্যানেজার নাগাল্যান্ডের ট্রেডার, ব্যবসায়ী ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে ডিমাপুরে একটি বৈঠক অনুষ্ঠিত করেন। এই বৈঠকের লক্ষ্য ছিল নাগাল্যান্ডে দক্ষ লজিস্টিক ও পরিবহণ ব্যবস্থাকে উৎসাহ দেওয়া এবং দেশ ও দেশের বাইরের বিভিন্ন স্থানে নাগাল্যান্ড থেকে আরও বহু সামগ্রী পৌঁছে দিতে সক্ষম করা।

স্টেশন এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য এবং ব্যবসা সহজভাবে করার জন্য টার্মিনালগুলির আরও উন্নয়নের জন্য উভয় পক্ষের মধ্যে প্রস্তাব ও পরামর্শ বিনিময় করা হয়। রেলওয়ে ও বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে ভাল সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে চারপাশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের জন্য উভয় পক্ষের দৃঢ় প্রতিশ্রুতির সাথে বৈঠকটির সফল সমাপ্তি ঘটে।

এখানে উল্লেখযোগ্য যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ০৬ অগাস্ট, ২০২৩ তারিখে দেশজুড়ে মোট ৫০৮টি রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই স্টেশনগুলি নবীকরণের মাধ্যমে রাজ্যের রেলওয়ে ব্যবহারকারীদের অত্যাধুনিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এর পাশাপাশি, পুনর্বিকশিত করা স্টেশনগুলি রাজ্যের প্রধান প্রধান শহরগুলির মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে। যা অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধির ক্ষেত্রে মূল ভূমিকা পালন করবে এবং এর মাধ্যমে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি হবে।

(Feed Source: news18.com)