
অ্যালবার্ট কাবো, চলতি বছরের জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা-বাংলার রানার্স আপকে নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো৷ সকলের ভালবাসায় খুব তাড়াতাড়ি মন জিতে নিয়েছেন অ্যালবার্ট৷ এবার রিয়্যালিটি শো সারেগামাপা-র জাতীয় মঞ্চে অংশগ্রহণ করেছেন কালিম্পং-এ টুরিস্ট গাইড অ্যালবার্ট কাবো৷ তবে তিনি একাই নন, বাংলা থেকে অনেকেই জায়গা করে নিয়েছেন শো-তে৷ কাবো-কে নিয়ে সকলেই মুগ্ধ৷ এর মধ্যেই আবারও বিয়ে করে ফেললেন অ্যালবার্ট কাবো৷
সম্প্রতি জি-এর পক্ষ থেকে একটি প্রোমো ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে, মালাবদল,সাতপাক,সিঁদুরদান করে ঘটা করে বিয়ে করলেন অ্যালবার্ট কাবো৷ তবে পাত্রী কে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ পাত্রী আর কেউ নন, স্ত্রী পূজা ছেত্রীর সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন গায়ক৷ বিখ্যাত পরিচালক সূরজ নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন কাবো ও পূজার৷
সারেগামাপা-র মঞ্চে পূজাকে নিয়ে নিজের জার্নির কথা শেয়ার করেছেন কাবো৷ কীভাবে প্রতিটা সময়ে স্ত্রী তার পাশে থেকেছেন তা সকলকে জানিয়েছেন কাবো৷ বিয়ের স্পেশ্যাল পর্বে সেই কারণে আবারও একবার সারা জীবনের সঙ্গীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কাবো৷ সাদা রঙের শেরওয়ানি, মাথায় গোলাপি পাগড়ি পরে দেখা গিয়েছে কাবোকে৷ সাদা-গোলাপি কম্বিনেশনের লেহেঙ্গা পরেছেন পূজা৷
উল্লেখ্য,মাস কয়েক আগে ৩ জুলাই অ্যালবার্টের জীবনে ঘটে গেছে বিরাট দুর্ঘটনা৷ এদিনই মাত্র সাড়ে ৮ মাসের মেয়ে এলিভিনকে হারিয়েছেন অ্যালবার্ট ও তার স্ত্রী পূজা৷ একরত্তি মেয়ে চলে যাওয়ার পর কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অ্যালবার্ট ও তাঁর পরিবার৷ এবার মেয়েকে হারানোর শোক কাটিয়ে নতুন করে পথচলা শুরু করলেন জনপ্রিয় গায়ক অ্যালবার্ট কাবো৷
