দেশের সেরা পর্যটন গ্রাম, পুরস্কার নিয়ে ফেরার পরেই অঘটন কিরীটেশ্বরীতে

দেশের সেরা পর্যটন গ্রাম, পুরস্কার নিয়ে ফেরার পরেই অঘটন কিরীটেশ্বরীতে

নয়াদিল্লি: দেশের সেরা পর্যটন গ্রামের পুরস্কার নিয়ে ফেরার পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কিরীটেশ্বরী মন্দির কমিটির সম্পাদক প্রভাত চন্দ্র দাসের।

শুক্রবার রাতেই মৃত্যু হয় তাঁর। শোকস্তব্ধ দেশের সেরা পর্যটন গ্রাম কিরীটেশ্বরী। মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরী গ্রামকে দেশের মধ্যে সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

সেরা গ্রামের তকমা পাওয়ায় খুশিতে মেতে ওঠে সকলে। কিরীটেশ্বরী মন্দির কমিটির সকল সদস্য সহ গোটা গ্রাম এখন গর্বিত। কিন্তু খুশির পরেও নেমে এল বিষাদ।

গত বুধবার দিল্লীতে পুরষ্কার নিতে যান কিরীটেশ্বরী মন্দির কমিটির সম্পাদক প্রভাত চন্দ্র দাস-সহ অন্যান্য সদস্যরা। বৃহস্পতিবার বাড়ি ফেরার পরও স্বাভাবিক ছিলেন তিনি। কিন্তু শুক্রবার রাতে নিজের বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রভাতবাবু।

পরিবারের লোকেরা তড়িঘড়ি লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে রাস্তাতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং সেখানেই মৃত্যু হয় তাঁর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার-সহ গোটা গ্রামজুড়ে। মুকুন্দবাগ হাই স্কুলে শিক্ষকতা করতেন প্রভাত দাস। কিরীটেশ্বরী মন্দিরের উন্নয়নে তাঁর অবদান রয়েছে প্রচুর।

গ্রামের সকলের কাছেই সুপরিচিত ছিলেন। সকাল হতেই হাজার হাজার মানুষ ভিড় জমান তাঁর বাড়িতে। মৃতের ভাই বাপি দাস বলেন, দাদার সুগার ছিল। কিন্তু হৃদরোগের কোনো সমস্যা ছিল না। দিল্লী থেকে ফিরে এসেও দাদা সুস্থ ছিল।

(Feed Source: news18.com)