
মারাউনা: গ্রামীণ এলাকায় নানা ধরনের জীবজন্তুর সাক্ষাৎ পাওয়া কোনও নতুন ঘটনা নয়। তবে সাপের ভয় সকলেরই আছে। বিশেষ করে ক্ষেতে-খামারে যেখানে সারাক্ষণ কৃষকরা কাজ করেন সেখানে সাপের বাড়বাড়ন্ত হলে ভয়েরই কথা। এমনই এক ঘটনা ঘটেছে মারাউনা গ্রামে। সেখানে বাজরা ক্ষেতে আকস্মিক ভাবে ১০ ফুটের অজগরের আবির্ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কৃষকদের মধ্যে।
তবে সৌভাগ্যের বিষয় অজগরটি কারও কোনও ক্ষতি করেনি। উল্লিখিত ঘটনার খবর পেয়েই বন বিভাগের দল খামারে পৌঁছে ওই বিশালাকায় অজগরটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেয়। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে করৌলি জেলার মান্দ্রয়াল মহকুমার মধ্যে অবস্থিত মারাউনা গ্রামে। ওই গ্রামে মাঠে কাজ করা কৃষকদের মধ্যে হঠাৎই আতঙ্ক ছড়িয়ে পড়ে, আতঙ্কের কারণ ওই কৃষকরা তাঁদের ক্ষেতে হঠাৎই এক বিরাট অজগর দেখতে পান। শুধু তাই নয়, বিশালাকায় ওই অজগরটি দেখে আশেপাশে ও মাঠে উপস্থিত সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলের আশেপাশে ফসল কাটা চাষিদের ভিড় জমে যায়।
খবর পেয়ে বন বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর প্রায় ১০ ফুটের লম্বা ওই অজগরটিকে উদ্ধার করে। ওখানে উপস্থিত প্রত্যেকে তাদের মোবাইল ফোনে এই উদ্ধার অভিযানের ঘটনাটি রেকর্ড করে। আঞ্চলিক বনবিভাগের কর্মকর্তা সঞ্জয় সিং এবং রামবাবু জানান, মান্দ্রয়ালের কাছে মারাউনা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ওই গ্রামের কৃষক বিষ্ণু নিজের ক্ষেতে ফসল কাটার কাজ করছিলেন। তখনই হঠাৎ মাঠে একটি বিশালাকায় অজগর দেখা যায়।
আকস্মিক ঘটনায় জ্ঞান প্রায় হারিয়ে ফেলে ওই কৃষকের পরিবার। অজগরটিকে দেখে কৃষক পরিবারের সদস্যরা আঁতকে ওঠেন। তাদের ভয়জড়ানো আর্ত চিৎকার শুনে আশপাশের কৃষকরাও ছুটে আসেন। সঙ্গে সঙ্গে সেখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনবিভাগের কর্মীরা। এরপর বনকর্মীদের দল ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর অজগরটিকে নিয়ন্ত্রণ করে উদ্ধার করেন। এরপর ওই অজগরটিকে বস্তায় ভরে পরে বনে ছেড়ে দেওয়া হয়।
