
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শানি লুক, একজন জার্মান ট্যাটু আর্টিস্ট। গাজা স্ট্রিপ-সংলগ্ন একটি অঞ্চলে অনুষ্ঠিত এক মিউজিক ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন। শোনা যায়, সেখানে হামলা চালানোর সময়ে হামাস জঙ্গিরা শানিকে আটক করে। অভিযোগ, তাঁকে নগ্ন হয়ে হেঁটে যেতেও বাধ্য করা হয়। তাঁর উপর নির্যাতনও হয় বলে অভিযোগ এবং শুধু তাই নয়, তিনি হামাস জঙ্গির হাতে মারা গিয়েছেন এমনই শোনা যাচ্ছিল। যদিও শানির মা দাবি করেছেন, তাঁর মেয়ে বেঁচে আছে। এবং জার্মান সরকার যেন তাকে দ্রুত উদ্ধার করে!
শানি লুকের মা রিকার্ডা লুক ইন্টারনেটে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানেই তাঁর দাবি, তাঁর মেয়ে এখনও বেঁচে আছে। তবে, তাঁর অবস্থা সংকটজনক। জানা গিয়েছে, শানির মাথায় আঘাত গুরুতর। হামাস হাসপাতালে তিনি ভর্তি আছেন। রিকার্ডার দাবি, জার্মান সরকার যেন তাঁর মেয়েকে অবশ্যই উদ্ধার করে।
ভয়ংকর যুদ্ধ চলছে ইজরায়েলে। গত সপ্তাহের শনিবার থেকে লাগাতার হামলা চালাচ্ছে প্যালেস্টাইনের হামাস বাহিনী। পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েলও। এমনকি, আনুষ্ঠানিকভাবে যুদ্ধঘোষণাও করেছে ইজরায়েলের নেতানিয়াহু-সরকার। কঠিন এই পরিস্থিতিতে এবার ইজরায়েলের পাশে দাঁড়াল আমেরিকা। ইজরায়েলে পৌঁছল মার্কিনি অস্ত্রশস্ত্র। ইজরায়েলের উপরে হামাসের হামলার তীব্র নিন্দা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইহুদি জনগোষ্ঠীর জন্যও দুঃখপ্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
আজ, বুধবার ভোরেই ইজরায়েলে অস্ত্রশস্ত্র নিয়ে পৌঁছল আমেরিকার প্রথম বিমান। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ইজরায়েলের উপরে হামাসের হামলার তীব্র নিন্দা করলেন। তিনি বলেন– এটা সম্পূর্ণরূপে শয়তানের কাজ। ১০০০-এরও বেশি অসামরিক মানুষকে হত্য়া করা হয়েছে! প্রসঙ্গত, হামাসের আক্রমণে কমপক্ষে ১৪ জন মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন বাইডেন। বাইডেন বলেছেন, শিশুদের পর্যন্ত হত্যার খবর আসছে! এক একটা পরিবার সম্পূর্ণ শেষ করে দেওয়া হচ্ছে! শান্তির লক্ষ্যে আয়োজিত সঙ্গীত উৎসবেও তরুণদের হত্যা করা হচ্ছে!
ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাত সারা বিশ্বে সাড়া ফলে দিয়েছে। ইজরায়েলের নিরস্ত্র মানুষের উপর হামাস যেভাবে হামলা চালিয়েছে, তাকে শয়তানের কাজ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও মন্ত্রিসভার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু’র সঙ্গে ফোনে কথা বলেন তিনি। বাইডেন বলেন, হামাস রক্তপিপাসু। পাশাপাশি, ইহুদি জনগোষ্ঠীর জন্যও দুঃখপ্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন– এটা নতুন নয়। বহুকাল ধরে যে ইহুদিবিদ্বেষ চলে এসেছে, তার কষ্টদায়ক স্মৃতিকেই ফের সামনে এনেছে এই ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, তাঁরা ইজরায়েলের পাশেই আছেন!
(Feed Source: zeenews.com)
