
নয়াদিল্লি: রাতের দিল্লি যে কতটা ভয়াবহ হতে পারে, তার দৃষ্টান্ত মিলেছে এর আগে বহুবার। সম্প্রতি সেই ভয়াবহতার প্রমাণ পাওয়া গিয়েছে ফের। আর এই বার শিকার স্বয়ং এক পুলিশ কর্মী। মারাত্মক এই ঘটনার প্রতিক্রিয়া শিউরে না উঠে উপায় নেই।
সম্প্রতি দিল্লির একটি মর্মান্তিক ভিডিও প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সংবাদ মাধ্যম সূত্রে ভিডিও-টির সত্যতাও জানা গিয়েছে। দেখা গিয়েছে, দুরন্ত গতিতে ছুটে আসা একটি SUV কীভাবে গার্ডরেল ভেঙে এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, কর্তব্যরত এক পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে উড়িয়ে নিয়ে গিয়ে ফেলছে বেশ কয়েক মিটার দূরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে দিল্লির কনট প্লেস এলাকায়। ২৪ ও ২৫ অক্টোবরের মধ্যবর্তী রাত ১টা নাগাদ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ। সেই সিসিটিভি ফুটেজেই দেখা যাচ্ছে, একজন কনস্টেবল ওই এলাকায় কর্তব্যরত। জানা গিয়েছে, তাঁর নাম রবি। গার্ডরেল দিয়ে আটকে রাখা রাস্তায় একটি গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তিনি। এই সময় আরও একটি গাড়ি ধেয়ে আসে সেদিকে। গার্ড রেল থাকা সত্ত্বেও পাশ কাটানোর কোনও চেষ্টা না করে সোজা চালিয়ে দেন। যে গাড়িটি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সেই গাড়িটিতেও ধাক্কা লাগে। পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবলকে উড়িয়ে নিয়ে ফেলে দেওয়া হয় বেশ কিছুটা দূরে। এরপর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে ঘাতক গাড়িটি।
মারাত্মক জখম পুলিশ কর্মীকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ঘাতক গাড়ির চালক রামলখন মিশ্রকে।
#WATCH | CCTV footage shows a Delhi Police personnel hit by an SUV and thrown into the air in the Connaught Place area
The incident happened on the intervening night of 24th-25th October. Police detained the car driver and action was taken against him.
(Video source: Delhi… pic.twitter.com/5lMAD0It7g
— ANI (@ANI) October 27, 2023
