ঝরঝরে সংস্কৃত মন্ত্রপাঠ আফ্রিকান পুরোহিতের! ভাইরাল ভিডিয়োয় মুগ্ধ নেটমাধ্যম

ঝরঝরে সংস্কৃত মন্ত্রপাঠ আফ্রিকান পুরোহিতের! ভাইরাল ভিডিয়োয় মুগ্ধ নেটমাধ্যম

হিন্দু রীতিনীতি অনুযায়ী আমরা যখনই নতুন কিছু কিনি সেটার পুজো দিই আগে, তারপর ব্যবহার করি। সেটা বাড়ি থেকে শুরু করে গাড়ি যাই হোক না কেন আমরা এভাবে পুজো দেওয়ার পরই সেটা ব্যবহার করি। কিন্তু এবার সেই একই ঘটনা ঘটল সাত সমুদ্দুর, তেরো নদীর পাড়ে। এক আফ্রিকান পুরোহিতকে সংস্কৃততে মন্ত্রপাঠ করতে দেখা যাচ্ছে। আর সেই ভিডিয়োই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একজন আফ্রিকান পুরোহিত সংস্কৃততে মন্ত্রপাঠ করে একটি নতুন গাড়ির পুজো দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি একেবারে ঝরঝরে, স্পষ্ট ভাষায় সংস্কৃত মন্ত্রপাঠ করছেন যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছে নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি সেই ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি নতুন গরুর সামনে দাঁড়িয়ে আছেন সেই আফ্রিকান পুরোহিত। গাড়ির বনেট খোলা আর তিনি হাত নাড়িয়ে পুজো দিচ্ছেন গাড়ির। প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে। এই ভিডিয়ো দেখে অনেকেই প্রশংসা করেছেন।

টুইটারে এই আফ্রিকান পুরোহিতের ভিডিয়ো পোস্ট করে এক ব্যক্তি লেখেন, ‘আফ্রিকান পণ্ডিত নতুন গাড়ির পুজো দিচ্ছেন।’ সেখানেই অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘কী সুন্দর স্পষ্ট উচ্চারণ করে মন্ত্রপাঠ করছেন। আমাদের এখানকার অনেক পুরোহিত ওঁর মতো উচ্চারণ করতে পারেন না।’ কেউ আবার উনি যেভাবে হাত নাড়িয়ে, মুদ্রা ধরে পুজো করেছেন সমস্ত আচার মেনে সেটার তারিফ করেছেন। কেউ আবার লেখেন, ‘টুইটারে দেখা আজকের সেরা পোস্ট।’

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে নানা ধরনের জিনিস ভাইরাল হয়ে যায়। কখনও মেট্রোর মধ্যে কোনও ঘটনা, কখনও আবার কোনও শহরের রাজপথে কোনও ঘটনা নেটিজেনদের নজর কেড়ে নেয়। এখন তাঁদের মন মজেছে এই আফ্রিকান পুরোহিতের ভিডিয়োতে। পোস্ট করার পরই নিমেষে ভাইরাল হয়েছে এটি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউজ এবং লাইক। রিটুইটও হয়েছে এই পোস্টটি অনেকবার।

(Feed Source: hindustantimes.com)