আগামী বছর মাইনে বাড়ানোর ব্যাপারে হতাশ করল আইটি সেক্টর (IT sector less salary hike)। এমনকি নতুন প্রোমোশনের গুড়েও বালি। কারণ আগামী বছর বিশ্ববাজারে আর্থিক মন্দা (recession fear) তৈরি হতে পারে। এমনটাই মনে করছেন বিশ্বসেরা সংস্থার শীর্ষকর্তারা। তাঁর আঁচই পড়তে চলেছে কর্মীদের উপর। আগামী বছর বার্ষিক মাইনে বৃদ্ধি আশামাফিক হচ্ছে না। এমনকি অনেকের প্রোমোশনেও কোপ পড়ছে কিছু সংস্থায়। তাঁর প্রাথমিক আঁচ মিলেছে ইনফোসিসের (Infosys Salary Hike) মাইনে বৃদ্ধিতে। চলতি বছর বেঙ্গালুরুর এই তথ্যপ্রযুক্তি সংস্থা কর্মীদের মাইনে বাড়িয়েছে। তবে তা ১০ শতাংশের কম। লাভ কমছে বলেই এই পথে হাঁটছেন অধিকাংশ সংস্থাগুলি।
লাভ কমছে কেন?
কোথায় বেশি খরচ হচ্ছে সংস্থাগুলির? বিশেষজ্ঞদের একাংশ বলছেন, আইটি সেক্টরের বা তথ্য়প্রযুক্তি ক্ষেত্রের (IT sector) একটা বড় খরচ হয় কর্মীদের অভিজ্ঞতার উপর। অভিজ্ঞতার নিরিখে কর্মীদের মাইনে দিতে হয়। আর সে কারণেই ৫০ থেকে ৬০ শতাংশ খরচ হয় একটি সংস্থার। অন্যদিকে সমস্যা তৈরি হয়েছে গ্রাহকদের তরফেও। বর্তমান গ্রাহকদের সঙ্গে ব্যবসার পরিমাণ কমছে। এর ফলে এদিকে লাভ কমছে। ওদিকে বাড়ছে খরচ। তাই ক্ষতি এড়াতে কর্মীদের মাইনে বৃদ্ধি কমছে। পাশাপাশি নতুন কর্মী কম নিয়োগ করছে সংস্থাগুলি।
কতদিন পর্যন্ত চলবে এই দশা?
মোটামুটি এক বছর আগে শুরু হয়েছিল এই আর্থিক মন্দা। আগামী ছয় মাস এই অবস্থা চলবে বলেই মনে করা হচ্ছে। এর ফলে আগামী বছর নতুন যারা জয়েন করবেন তাদের মাইনে নাও বাড়তে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে হেডকোয়ার্টার এমন একটা সংস্থা জাতীয় সংবাদমাধ্যমকে মাইনে বৃদ্ধি নিয়ে বিস্তারিত জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তির কথায়, তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে সাধারণত প্রতিবছর ২০ শতাংশ মাইনে বাড়ানো হয়। কারও প্রোমোশন হলে সেই মাইনে প্রায় ৫০ শতাংশ বেড়ে যায়। তবে চলতি বছরে তাঁর সংস্থাও প্রোমোশন স্থগিত রেখেছে। যাদের প্রোমোশন হওয়ার কথা, তাদের মাইনে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
চাকরি বদলালে কী মাইনে বাড়ছে?
সে গুড়েও বালি। চলতি বছরে কোনও সংস্থাই বেশি মাইনে দিতে পারছে না নতুন কর্মীদের। একটি সংস্থা ছেড়ে নতুন সংস্থাতে যোগ দিতে গেলেও ২২ শতাংশের বেশি মাইনে পাচ্ছেন না কেউই। সাধারণত অন্য বছরে এই কর্মীদেরই ৪০ শতাংশ মাইনে বাড়ত। কিছু ক্ষেত্রে ১০০ শতাংশ মাইনে বাড়ার নজিরও রয়েছে। বাজারের মন্দার কারণে যা অনেকেই কম এখন।
(Feed Source: hindustantimes.com)
