বাংলাদেশঃ বায়ুদূষণে শীর্ষে ঢাকা 

বাংলাদেশঃ বায়ুদূষণে শীর্ষে ঢাকা 


নিজস্ব প্রতিনিধি: বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ বৃহস্পতিবার ঢাকা শীর্ষে উঠে এসেছে। বেলা সোয়া ১১টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৫১ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর।’

১০১-২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১-৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আজ ভারতের দিল্লি ও পোল্যান্ডের রোকলাও যথাক্রমে ২৪০ ও ২১৪ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

একই সময়ে নির্মল বাতাসের তালিকায় সবচেয়ে ওপরে রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি। এ শহরের স্কো ৬। এর পরে ৭ ও ৯ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ও ইসরায়েলের জেরুজালেম।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো— বস্তুকণা (পিএম ১০ ও পিএম ২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

সান নিউজ/এনজে