
লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের সঙ্গে ভোটে যেদিন ভেটো দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনই প্রকাশ্যে এল রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূলের পতাকা। মঙ্গলবার গুয়াহাটিতে রাহুলের যাত্রায় দলীয় পতাকা নিয়ে হাজির হন সেরাজ্যের তৃণমূল কর্মীরা। যাকে তীব্র কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার গুয়াহাটিতে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রায় দেখা যায় এক ঝাঁক তৃণমূলের পতাকা। তখনও অবশ্য দলনেত্রীর অবস্থান জানা ছিল না তৃণমূল সমর্থকদের। ঘাসফুল সমর্থকদের উদ্দেশে হাত নাড়তেও দেখা যায় রাহুল গান্ধীকে। সিপিএমের পতাকাও দেখা গিয়েছে রাহুলের যাত্রায়।
এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, ‘তা আমাদের কী! সিপিএম কংগ্রেস তো একসঙ্গে অনেক ভোটে লড়েছে। আমরা মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য এসেছি। কেন্দ্রে যে দলের সরকার আছে রাজ্যে সেই দলের সরকার না হলে বেকারত্ব মোচন হবে না, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরবে না, শিল্প আসবে না, সাড়ে চারশো টাকার গ্যাস পাবেন না, লাঢ়লি বহিন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না, পশ্চিমবাংলা চোরমুক্ত হবে না, কয়লা বালি পাথরের রাজস্ব সরকারের ঘরে আসবে, বর্ডার দিয়ে গোমাতা পাচার বন্ধ হবে, মানুষ শান্তিতে থাকবে। এটা একমাত্র সম্ভব, দিল্লিতে যে দলের সরকার আছে সেই দলের সরকার যদি রাজ্যে থাকে তার নাম হচ্ছে ডবল ইঞ্জিন। ডবল ইঞ্জিনেপ সুফল, তার মিষ্টত্ব, তার মধুময় সুখকর অনুভূতি উত্তর প্রদেশ থেকে অসম সর্বত্র গেলে পাবেন। যেটা পশ্চিমবঙ্গে আপনি পাচ্ছেন না’।
(Feed Source: hindustantimes.com)
