বাংলাদেশ: কক্সবাজারে ট্রলারডুবি, নিখোঁজ ১৫

বাংলাদেশ: কক্সবাজারে ট্রলারডুবি, নিখোঁজ ১৫

জেলা প্রতিনিধি : কক্সবাজার শাহপরীর দ্বীপে বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ১৫ জন নিখোঁজ হয়েছে।

বুধবার (২৪ জুলাই) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা ও দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে ৬ জন মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার সাগরে মাছ শিকারে যাচ্ছিলেন। তারা শাহপরীর দ্বীপের জেটিতে এসে সেন্টমার্টিনের ১০ জন যাত্রীকে তুলে নেন। পরে তারা শাহপরীর দ্বীপের গোলারচর পয়েন্টে পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে সেন্টমার্টিন থেকে ৪টি স্পিডবোট এসে ট্রলারের মাঝিকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। ট্রলারের মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার অনিক জানান, ট্রলারডুবির খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। এ ঘটনায় ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়াও ঘটনাস্থলে পৌঁছেছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ। নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

(Feed Source: sunnews24x7.com)