মোবাইল গেমে হার, পরিবারের ঠাট্টায় অবসাদ, মোবাইল আসক্তির কারণে ভয়ানক কাণ্ড ছেলের

মোবাইল গেমে হার, পরিবারের ঠাট্টায় অবসাদ, মোবাইল আসক্তির কারণে ভয়ানক কাণ্ড ছেলের

#অমরাবতী: মোবাইল গেমে বার বার হার। আর প্রতিবার হারের কারণে পরিবারের বাকি সদস্যরা বারংবার খোটা দিত, কথা শোনাতো। তাতেই গভীর অবসাদে ডুবে গিয়েছিল অন্ধ্রপ্রদেশের মচলিপত্তনমের বাসিন্দা ১৫ বছরের একটি ছেলে। একটি জাতীয় সংবাদমাধ্যমের দাবি, পরিবারের মানুষদের খোটা শুনে মন খারাপ তাঁর এতটাই বেড়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত সেই কারণেই আত্মহত্যা করেছে সে। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে স্কুলের গরমের ছুটির মধ্যেই। যদিও মৃত্যু কারণ নিয়ে সন্দিহান মা আলাদা করে ভারদীয় দণ্ডবিধির ১৭৪ নম্বর ধারায় একটি অভিযোগ দায়ের করেছেন।

কয়েকদিন আগেই লখনউয়ে পাবজি সম্পর্কে একটি পুলিশি অভিযোগ দায়ের করা হয়। সেখানে ১৬ বছরের একটি ছেলে তাঁর মা-কে গুলি করে হত্যা করে অনলাইনে পাবজি খেলতে না দেওয়ার জন্য। ভারতে সেপ্টেম্বর ২০২০ সাল থেকে বন্ধ হয়ে গিয়েছে আসল পাবজি খেলাটি। সেটির মাধ্যমে তথ্য চুরি যেতে পারে, এই কারণেই সেই খেলা বন্ধ করে কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই গেমের নানারকম নবনির্মিত খেলা চলছে বাজারে, এগুলি তার মধ্যেই একটি।

পুলিশ একটি জাতীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, জুন মাসের ১১ তারিখ রাতে তুতো ভাইদের সঙ্গে পাবজি খেলছিল ওই ছেলেটি। বার বার হেরে যাওয়ায় তুতো ভাইরা ক্রমাগত কথা শোনাচ্ছিল ওই ছেলেকে। পরে গোটা বিষয়টি ঝগড়ার আকার নেওয়ায় সবাইকে গেম খেলা থেকে বিরত করেন ছেলের বাবা। তাতে আরও ভেঙে পড়ে ছেলেটি। পুলিশ জানিয়েছে, একটি ঘরে একাই শুতো ওই ছেলেটি। সেখানেই সে আত্মঘাতী হয়।

রবিবার সকালে বাবা যখন ছেলের ঘরের দরজায় টোকা মারেন, ছেলে দরজা খোলেনি। তার পর পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, ফ্যানের থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে ছেলেটি।

Published by:Uddalak B

(Source: news18.com)