নেশাকে পেশা বানিয়ে নেওয়া এক সাদামাটা মেয়ের গল্প নিয়ে আসছে বৌদি ক্যান্টিন

নেশাকে পেশা বানিয়ে নেওয়া এক সাদামাটা মেয়ের গল্প নিয়ে আসছে বৌদি ক্যান্টিন

News

lekhaka-Dipanwita bandopadhyay

এতদিনে বাংলার প্রায় সকলেই জেনে গিয়েছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের আগামী ছবি ‘বৌদি ক্যান্টিন’এর কথা। উল্লেখ্য চলতি বছর অর্থাৎ ২০২২ সালের এপ্রিল মাসে একটি বড় ঘোষণা করেছিলেন অভিনেতা পরমব্রত। সেই মত তখনই জানা গিয়েছিল তাঁর আসন্ন সিনেমা ‘বৌদি ক্যান্টিন’এ পরিচালনার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতেও দেখা যেতে চলছে পরমব্রতকে। এবং তিনি এও বলেছিলেন যে এই সিনেমার হাত ধরেই বাংলার সিনেপ্রেমী দর্শকদের পরিচয় হবে নতুন বৌদির সঙ্গে। আর যেমন কথা, তেমনই কাজ। এবার অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় নিজেই পরিচয় করিয়ে দিলেন সেই নতুন বৌদির সঙ্গে।

প্রকাশ্যে এল আগামী বাংলা সিনেমা ‘বৌদি ক্যান্টিন’এর প্রথম ঝলক। তবে কে এই মহিলা, যিনি খোদ কলকাতার বুকে ক্যান্টিন খুলে বসেছেন? সেই রহস্য ফাঁস হয়েছে ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরেই। দেখা গিয়েছে যে ক্যান্টিনের এই বৌদি আর কেউ নন তিনি হলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর এবার তাঁর তৈরি ক্যান্টিনকে ঘিরেই আবর্তিত হবে আসন্ন সিনেমার গোটা গল্প। আর এই ছবিতেই শুভশ্রীর বিপরীতে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করতে দেখা যেতে চলেছে পরমব্রতকে। সেই সঙ্গে বৌদি, অর্থাৎ শুভশ্রীর শ্বাশুড়ির ভূমিকায় দেখা যাবে বাংলার জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী অনসূয়া মজুমদারকে। এছাড়া সিনেমায় একটি বিশেষ চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা সোহম চক্রবর্তীকেও। তবে এখনও পর্যন্ত সোহমের এই চরিত্র ঘিরে সাসপেন্স বজায় রাখা হয়েছে।

প্রসঙ্গত, ছবির কথা ঘোষণার পর গত মে মাসের শেষের দিকে শুরু হয়েছে অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের আগামী ছবি ‘বৌদি ক্যান্টিন’এর শুটিং। আর এরইমধ্যে প্রকাশ্যে চলে এল শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত এই সিনেমার প্রথম ঝলক।এদিন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এই সিনেমার পোস্টার শেয়ার করেছেন ছবির পরিচালক তথা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সব ঠিক থাকলে এবারের পুজোতেই মুক্তি পেতে চলেছে ভিন্ন স্বাদের এই সিনেমা।

এদিন বৌদি ক্যান্টিনের পোস্টার শেয়ার করে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় নিজের পোস্টে লিখেছেন “এবার পুজোয় পেটপুজো হোক বৌদি ক্যান্টিনে!” সেই সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায়ের শেয়ার করা পোস্টারে দেখা গিয়েছে একটি ফুড ট্রাককেও। সেই ফুড ট্রাকের মধ্যে থেকেই নিজেদের মহিমায় দেখা দিয়েছেন সিনেমার চরিত্ররা। ছবিতে দেখা যাচ্ছে মাথায় শেফের টুপি পরে শাড়ি, আর হাতে শাঁখা পলা পরে আদ্যপ্রান্ত বাঙালি বৌমার সাজে হাজির মূল চরিত্র অর্থাৎ বৌদি শুভশ্রী।

পোস্টারে দেখা গিয়েছে বৌদি লুকে শুভশ্রীর এক হাতে রয়েছে লাল টমেটো এবং অপর হাতে রাঁধুনিদের মোক্ষম অস্ত্র অর্থাৎ খুন্তি। সামনে রাখা এক হাঁড়ি বিরিয়ানি। সেই সঙ্গে দেখা গিয়েছে শুভশ্রীর ঠিক পাশেই চেক শার্ট পরে দাঁড়িয়ে রয়েছেন পরমব্রত। আর তাঁদের কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী অনুসূয়া মজুমদার। আর একটু নিচের দিকে বা পাশে হাতে মেনুকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। ভালোবেসে রান্না করতে করতে করতে সেটি কখন নেশা হয়ে যায় এবং পরবর্তীতে রান্নাকেই পেশা বানিয়ে নেওয়া এমন একজন বৌদির গল্প বলবে এই সিনেমা। মূলত কলকাতার বিখ্যাত শেফ আসমা খানের জীবনী থেকে অনুপ্রেরণা পেয়েই এই ছবি নির্মাণ করছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

(Source: oneindia.com)