
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের আক্রান্ত বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার হিরো আলম। মামলার কাজে বগুড়ায় এলে তার উপরে চড়াও হয় একদল যুবক। তারা বিএনপির লোকজন বলে দাবি করেছেন হিরো আলম। আদালতের কাছেই রাস্তায় ফেলে তাকে বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি তাকে কান ধরে ওঠ বস করানো হয়।
কেন ওই মারধর? হামলাকারী যুবকদের অভিযোগ হিরো আলম বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করেছেন। এনিয়ে হিরো আলম সাংবাদিকদের বলেন, বিএনপি ক্ষমতায় আসতেই মারপিট শুরু করেছে। এক স্বৈরাচারীকে তাড়িয়েছি কি আর এক স্বৈরাচারীকে ক্ষমতায় আনতে? প্রকাশ্যে আমাকে হত্যা করার চেষ্ট হল। এটাই কি স্বাধীনতা? তারেক রহমানকে নিয়ে আমি কখনও খারাপ কথা বলিনি। যারা আমার উপরে হামলা করেছে তারা কেই বাঁচতে পারবে না। তাদের সবার নামে মামলা করব।
রবিবার দুপুরে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রচারের সময় মারধর ও ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি একই আসনে উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন।
মামলায় ওবায়দুল কাদের, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়। বেলা ১২টার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার সময় ৫-৭ জন যুবক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হিরো আলমকে বেধড়ক মারধর করে আদালত চত্বরের বাহিরে সড়কে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করান।
(Feed Source: zeenews.com)
