বন্দুক হাতে নতুন অ্যাডভেঞ্চার, ‘‌গুডলাক জেরি’‌তে সামনে এল জাহ্নবীর ফার্স্ট লুক

বন্দুক হাতে নতুন অ্যাডভেঞ্চার, ‘‌গুডলাক জেরি’‌তে সামনে এল জাহ্নবীর ফার্স্ট লুক

News

oi-Moumita Bhattacharyya

জাহ্নবী কাপুরের পরবর্তী সিনেমা ‘‌গুডলাক জেরি’‌ ঘোষণার পর থেকে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে এই সিনেমার জন্য। এমনকী এই সিনেমার শুটিং চলাকালীন জাহ্নবী সেট থেকে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন যা দেখার পর ভক্তদের কৌতুহল আরও বেড়ে গিয়েছিল। শুক্রবার জাহ্নবী কাপুর তাঁর এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন। ইনস্টাগ্রামে শেয়ার করলেন ‘‌গুডলাক জেরি’‌তে তাঁর ফার্স্ট লুক।

ছবি সৌজন্যে-ইনস্টাগ্রাম

এই পোস্টার শেয়ার করে জাহ্নবী এও জানিয়েছেন যে এই সিনেমাটি ২৯ জুলাই ডিজনি প্লাস হটস্টারে দেখানো হবে। ছবির দু’‌টি পোস্টারের একটিতে দেখা গিয়েছে বন্দুক হাতে ধরে রয়েছেন, অন্য পোস্টারে ভয়ার্ত মুখ নিয়ে কোথাও লোকাচ্ছেন। এই দু’‌টি পোস্টার শেয়ার করে জাহ্নবী ক্যাপশনে লিখেছেন, ‘‌নতুন অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েছি, গুডলাক বলবেন না?‌’‌

পরিচালক সিদ্ধার্থ সেনগুপ্তর ছবি ‘‌গুডলাক জেরি’‌তে প্রযোজনায় রয়েছেন আনন্দ এল রাই। এটি দক্ষিণী ছবির রিমেক বলে জানা গিয়েছে। জাহ্নবী এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন এবং সিনেমার শুটিং হয়েছে পাঞ্জাব ও চণ্ডীগড়ের একাংশে। ছবির বিষয় ব্ল্যাক কমেডি।

এর পাশাপাশি জাহ্নবীকে দেখা যাবে ‘‌মিলি’‌ সিনেমায়। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন মাতুকুট্টি জেভিয়ার। অভিনেত্রীর বাবা বনি কাপুরের প্রযোজনায় এই সিনেমায় রয়েছেন সানি কৌশল ও মনোজ পাওয়া। এছাড়াও জাহ্নবীকে দেখা যাবে রাজকুমার রাওয়ের বিপরীতে ‘‌মিস্টার অ্যান্ড মিসেস মাহি’‌-তে। বরুণ ধাওয়ানের সঙ্গে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘‌বাওয়াল’‌-এও দেখা যাবে জাহ্নবীকে। সব মিলিয়ে তাঁর কেরিয়ারের গ্রাফ তুঙ্গে চলছে।

(Source: oneindia.com)