এবার বলিউডে রাজত্ব করতে আসছেন পুষ্পারাজ, চলছে আল্লু অর্জুনের হিন্দি ছবির পাকাকথা

এবার বলিউডে রাজত্ব করতে আসছেন পুষ্পারাজ, চলছে আল্লু অর্জুনের হিন্দি ছবির পাকাকথা

আল্লু অর্জুনের বলিউড অভিষেক

তেলেগু সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের প্রথম হিন্দি ছবির চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে বলে খবর এল সামনে। তাও আবার আল্লু অর্জুনকে হিন্দি সিনেমায় লঞ্চ করতে চলেছেন প্রযোজক পরিচালক করণ জোহর। আল্লু অর্জুন তার হোম প্রযোজনা সংস্থা গীতা আর্টসের ব্যানারে এই ছবিটি প্রযোজনা করবেন। তামিল, কন্নড়, মালায়ালাম ছাড়াও হিন্দিরও কিছু তাবড় অভিনেতা অভিনেত্রীদের স্টারকাস্টিংও নাকি শুরু হয়ে গিয়েছে। আর এই সিনামার কিং পিন হলেন স্বয়ং আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। তিনি এই ছবির জন্য দেশের বিভিন্ন ভাষার অন্যান্য বড় কোম্পানির সঙ্গেও কথাবার্তাও এগোচ্ছেন, এমনটাই সূত্রের খবর।

 এক অর্জুন, আর কেউ নয়

এক অর্জুন, আর কেউ নয়

আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা পার্ট ওয়ান’ বা হিন্দিতে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর অভূতপূর্ব সাফল্যের পর থেকেই, আল্লু অর্জুন হিন্দি ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। জানা গিয়েছে মার্চ মাসে, তিনি নাকি মুম্বইতেও এসেছিলেন এবং হিন্দি সিনেমার কিছু প্রথম সারির প্রযোজকের সঙ্গে দেখা করেছিলেন। আল্লু অর্জুন ধর্মা প্রোডাকশনের পরিচালক করণ জোহর ছাড়াও সঞ্জয় লীলা বনসালির সঙ্গেও সাক্ষাৎ করেন বলে খবর। তারপরেই করণ জোহর তাঁর আগামী প্রজেক্টে আল্লু অর্জুনকে লিড রোল অফার করেছেন। এও শোনা যাচ্ছে অর্জুন বনসালির পরবর্তী ছবি বৈজু বাওরা-তে রণবীর সিং-এর সঙ্গে কাজ করতে রাজি হননি। তাই ওই অফার ফিরিয়ে দিয়েছেন তিনি।

শিকে ছিঁড়ল করণ জোহরের

শিকে ছিঁড়ল করণ জোহরের

‘পুষ্পা দ্য রাইজ’এর পর শুরু হতে চলেছে এর সিক্যুয়েল অর্থাৎ’পুষ্পা: দ্য রুল’-এর শুটিং। এই ছবির শুট শেষ হওয়ার পরই শুরু হবে আল্লু অর্জুনের হিন্দি ছবির শুটিং। হিন্দি সিনেমার অনেক তাবড় ডিস্ট্রিবিউটরও নাকি এরই মধ্যে আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দের সঙ্গে দেখা করেছেন প্যান ইন্ডিয়ার এই ছবিতে বিনিয়োগ করার জন্য। কিন্তু, সকলকে মাত দিয়ে দিয়েছে করণ জোহরের ‘ধর্মা প্রোডাকশন’। আল্লু অরবিন্দের গীতা আর্টসের সঙ্গে যৌথ ভাবে এই সিনেমা প্রযোজনা ও পরিবেশনার জন্য ধর্মা প্রোডাকশনের সঙ্গে চুক্তি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে।

লোকেশ কানাগরাজের পরিচালনা

লোকেশ কানাগরাজের পরিচালনা

এদিকে আল্লু অর্জুন প্যান ইন্ডিয়ান ছবির পরিচালকের নাম শুনে নাকি চমকে যাবেন ফ্যানেরা। পরিচালক লোকেশ কানাগরাজ ‘কাইথি’ এবং ‘মাস্টার’-এর দুর্দান্ত সাফল্যের পরে আল্লু অর্জুনের প্রথম হিন্দি সিনেমায় পরিচালনার দায়িত্ব সামলাতে চলেছেন। লোকেশের অপর ছবি ‘বিক্রম’ এই মুহূর্তে আলোড়ন ফেলেছে বক্স অফিসে। অভিনেতা বিজয়ের সঙ্গে চলতি ছবির শুটিং শেষ করেই আল্লু অর্জুনের আগামী সিনেমার পরিচালনায় হাত দিতে চলেছেন তিনি।

(Source: oneindia.com)