
Petrol- ভেজাল পেট্রোল ব্যবহার করলে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয়। কিন্তু পেট্রোল আসল না কি নকল, বোঝা যাবে কী করে?
কলকাতা: ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে পেট্রোল পাম্প। কোথাও গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে, কোথাও আবার এক কিলোমিটারের মধ্যে তিন-চারটে। কিন্তু তারপরেও পেট্রোলের গুণমান নিয়ে নিশ্চিন্ত হওয়া যাচ্ছে কই! মাঝে মধ্যেই ভেজাল পেট্রোলের খবর সামনে আসে। আঁতকে ওঠে আমজনতা।
ভেজাল পেট্রোল ব্যবহার করলে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয়। কিন্তু পেট্রোল আসল না কি নকল, বোঝা যাবে কী করে? আসলে তেল কেনার আগে তার গুণমান যাচাই করার কোনও উপায় নেই। ফলে পেট্রোলে ভেজাল থাকলেও গ্রাহক তা বুঝতে পারেন না।
পেট্রোলের গুণমান নিয়ে সামান্য সন্দেহ থাকলেও তা পরীক্ষা করে দেখা উচিত। এমনটাই বলেন বিশেষজ্ঞরা। এর একটা সহজ উপায়ও রয়েছে। এর জন্য কোথাও যেতে হবে না, পাম্পে দাঁড়িয়েই পেট্রোলের গুণমান যাচাই করে নিতে পারবেন গ্রাহক।
পেট্রোলের বিশুদ্ধতা কেন গুরুত্বপূর্ণ: পেট্রোলের বিশুদ্ধতা শুধু গাড়ির পারফরম্যান্সকেই প্রভাবিত করে তাই নয়, বরং ইঞ্জিন এবং অন্যান্য অংশের উপরও প্রভাব ফেলে। ভেজাল পেট্রোল ইঞ্জিনের বিভিন্ন অংশে সমস্যা সৃষ্টি করতে পারে। তখন বারবার গাড়ি সারাতে হবে। খরচও বাড়বে। তাই সবসময় বিশ্বাসযোগ্য পেট্রোল পাম্প থেকে জ্বালানি ভরা উচিত।
ফিল্টার পেপারের সাহায্যে পেট্রোলের বিশুদ্ধতা পরীক্ষা: পেট্রোলের বিশুদ্ধতা যাচাই করার সবচেয়ে সস্তা এবং সহজ পদ্ধতি হল ফিল্টার পেপার ব্যবহার করা। এই পরীক্ষা করাও খুব সহজ। পেট্রোল খাঁটি না কি ভেজাল আছে, চোখের পলকে জানা যায়।
এই পরীক্ষার জন্য ফিল্টার পেপারে কয়েক ফোঁটা পেট্রোল ফেলতে হবে। যদি কাগজে দাগ পড়ে, তাহলে বুঝতে হবে ভেজাল আছে। আর যদি কোনও দাগ না পড়ে তাহলে ধরে নেওয়া যায় পাম্প থেকে খাঁটি পেট্রোল দিয়েছে। ফিল্টার পেপার না থাকলে সাদা A4 কাগজও ব্যবহার করা যেতে পারে। দাম মাত্র ১ টাকা। আর ফিল্টার পেপার ১০ টাকার কমে পাওয়া যায়।
পেট্রোলের ঘনত্ব থেকেই বিশুদ্ধতার ধারণা পাওয়া যায়: পেট্রোলের ঘনত্ব থেকেও তা খাঁটি কি না বোঝা যায়। ভারত পেট্রোলিয়াম অনুযায়ী, শুদ্ধ পেট্রোলের ঘনত্ব ৭৩০ থেকে ৮০০। ঘনত্ব ৮০০-এর বেশি হলে ধরে নিতে হবে পেট্রোলে ভেজাল মেশানো হয়েছে। তবে ঘনত্বের সঠিক পরীক্ষা ল্যাব ছাড়া সম্ভব নয়। এর জন্য হাইড্রোমিটার, বিশেষ থার্মোমিটার এবং অন্যান্য যন্ত্রপাতির প্রয়োজন। এই সব যন্ত্রপাতির সাহায্যে পেট্রোলের বিশুদ্ধতা সঠিকভাবে পরিমাপ করা যায়।
