
Mamata Banerjee on West Bengal By Election: মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘উপনির্বাচনে ভাল ফল হবে। আমরা সারা বছর মানুষের পাশে থাকি ৷ উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন ৷’’
সোমরাজ বন্দ্যোপাধ্যায় ও আবীর ঘোষাল, কলকাতা: এবার পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ ১১ নভেম্বর, সোমবার রাতে তাঁর দার্জিলিং পৌঁছনোর কথা। এবারই প্রথম দার্জিলিংয়ে সরস মেলা হচ্ছে পঞ্চায়েত দফতরের উদ্যোগে। ম্যালের চৌরাস্তায় টানা ১১ দিন চলবে এই মেলা। ১৩ তারিখ দুপুর ৩টের সময় সেই মেলার উদ্বোধন করবেন মমতা। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা মেলায় যোগ দেবেন। মুখ্যমন্ত্রীর এই সফরে সবথেকে গুরুত্বপূর্ণ দিন ১২ নভেম্বর। ওই দিন দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ তিনি জিটিএ এবং পাহাড়ের বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জিটিএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। একই সঙ্গে, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক হবে মুখ্যমন্ত্রীর।
কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘৬টা উপনির্বাচন আছে। বাংলায় সবার সঙ্গে মা মাটি মানুষ আছে। ৩৬৫ দিন আপনাদের সঙ্গে ছিলাম, আছি থাকব। সবাইকে বলব তৃণমূলকে ভোট দিন আমি দীর্ঘদিন বাদে দার্জিলিং যাচ্ছি। আমি চাই দার্জিলিং ভাল থাকুক। আমি তো চাইব এই নির্বাচনে বিজেপি এর বিরুদ্ধে ভোট হোক। দার্জিলিং যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী আমি বছর দেড়েক পরে দার্জিলিং যাচ্ছি ৷ মাঝে একবার আমি কার্শিয়াং গিয়েছিলাম। পাহাড় সব সময় ভাল থাকুক ৷ পাহাড় দেখাশোনা করছিলেন অনীত থাপারা। পাহাড়ে শান্তি আছে। আমি সব সময় চাইব পাহাড়, ডুয়ার্স, তরাই সব ভাল থাকুক।’’
তিনি আরও বলেন, ‘‘উপনির্বাচনে ভাল ফল হবে। আমরা সারা বছর মানুষের পাশে থাকি ৷ উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন ৷ আপনাদের ধন্যবাদ, সংসদীয় ভোটে আপনারা আমাদের জয় দিয়েছেন। এখনই মহারাষ্ট্র, ঝাড়খণ্ড নিয়ে মন্তব্য করতে চাই না। সবাই ব্যস্ত আছে ভোটের প্রচারে। আমি এখনই ফল নিয়ে মন্তব্য করতে চাই না। আশা করি বিজেপি পরাস্ত হবে।’’
