ভারতের কাছে ৫ গোল খেল পাকিস্তান! সিং জাদুতে টানা ২ বার জিতল জুনিয়র হকি এশিয়া কাপ

ভারতের কাছে ৫ গোল খেল পাকিস্তান! সিং জাদুতে টানা ২ বার জিতল জুনিয়র হকি এশিয়া কাপ

অপরাজিত থেকে জুনিয়র এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত। বুধবার ওমানের মাসকটে রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। একাই চারটি গোল করেছেন আরাইজিৎ সিং। মূলত তাঁর জাদুতেই গতবারের ফাইনালের বদলা নিতে পারেনি পাকিস্তান। ২০২৩ সালেও পাকিস্তান জুনিয়র এশিয়া কাপের ফাইনালে হেরে গিয়েছিল। গতবার ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল ভারত। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সেইবার। আর এবারও তার ব্যতিক্রম হল না। আর তাতে শেষপর্যন্ত বাজিমাত করল ভারত।

শুরুটা দুর্দান্ত পাকিস্তানের, প্রত্যাবর্তন ভারতের

অথচ বুধবার ফাইনালে শুরুটা দুর্দান্ত ছন্দে করে পাকিস্তান। তিন মিনিটেই গোল করেন হান্নান শাহিদ। প্রত্যুত্তর দিতে এক মিনিটের বেশি নেয়নি ভারত। চতুর্থ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান আরাইজিৎ। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পরপর দু’মিনিট দু’গোল করে ভারত। ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আরাইজিৎ। ১৯ মিনিটে ভারতকে ৩-১ গোলে এগিয়ে দেন দিলরাজ সিং। দ্বিতীয় কোয়ার্টারের একেবারে শেষলগ্নে ৩০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানের ব্যবধান কমান সুফিয়ান খান।

হাফ-টাইমের সময় ২-৩ গোলে পিছিয়ে থাকলেও ভারতীয়দের মুখে বেশিক্ষণ হাসি থাকতে দেয়নি পাকিস্তান। ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানের হয়ে সমতা ফেরান সেই সুফিয়ান। যদিও আট মিনিট পরেই ফের লিড নিয়ে নেয় ভারত। গোল করে ভারতকে ৪-৩ গোলে এগিয়ে দেন আরাইজিৎ। সেইসঙ্গে নিজের হ্যাটট্রিকও সম্পূর্ণ করে ফেলেন।

একাই ৪ গোল আরাইজিতের

তবে সেখানেই থামেননি আরাইজিৎ। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ছয় মিনিট বাকি থাকতে ৫-৩ ব্যবধানে এগিয়ে যাওয়ার ফলে ভারতের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। তবে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানকে কোনওরকম জায়গা ছাড়তে চাননি। তাই তারপরও একের পর এক আক্রমণ করতে থাকেন। ষষ্ঠ গোলেরও সুবর্ণ সুযোগ চলে এসেছিল। শেষপর্যন্ত সেটা হয়নি। ৫-৩ গোলেই শেষ হয় ফাইনাল।

জুনিয়র এশিয়া কাপে হ্যাটট্রিক ভারতের

আর সেই জয়ের ফলে জুনিয়র এশিয়া কাপে হ্যাটট্রিক করল ভারত। ২০১৫ সাল এবং ২০২৩ সালের পরে এবারও জিতল টিম ইন্ডিয়া। সবমিলিয়ে ভারত মোট পাঁচবার জুনিয়র এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। শুধু তাই নয়, জুনিয়র এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জুনিয়র হকি বিশ্বকাপের ছাড়পত্রও পেয়ে গিয়েছে ভারত। যা ২০২৫ সালে ভারতেই হবে।

(Feed Source: hindustantimes.com)