India Bangladesh news: বাংলাদেশ নিয়ে টানাপড়েনের মধ্যেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে বৈঠকে যোগ দিতে ২০ ডিসেম্বর ত্রিপুরা যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
উত্তর-পূর্ব ভারতের রাজ্য়গুলির মধ্যে বৈঠক শাহের।
আগরতলা: ২১ ডিসেম্বর ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ ইস্টার্ন কাউন্সিলের (এনইসি) ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশন। আর এই অধিবেশনকে সামনে রেখে রাজধানী আগরতলার একাধিক জায়গা পরিদর্শন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৈঠকের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে রাজধানীর উজ্জয়ন্ত প্যালেস ও প্রজ্ঞা ভবন পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।
ডাঃ সাহা জানান, এনইসি’র বৈঠকে অংশগ্রহণ করতে আগামী ২০ ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “নর্থ-ইস্টার্ন কাউন্সিলের (এনইসি) ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশন ত্রিপুরায় অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে উজ্জয়ন্ত প্যালেসে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এজন্য আমরা আধিকারিকদের সাথে এখানে যাবতীয় কাজকর্ম ও প্রস্তুতি খতিয়ে দেখেছি। আমরা পূর্ণাঙ্গ অধিবেশন স্থলের যাবতীয় ব্যবস্থাপনাও পর্যালোচনা করেছি। বৈঠকে যোগ দিতে এনইসি চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০ ডিসেম্বর আসবেন এবং অধিবেশন হবে ২১ তারিখে।”
ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, এই সময়ে নর্থ ইস্টার্ন-স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার (এনই-এসএসি) এর বৈঠকও অনুষ্ঠিত হবে। তিনি জানান, এটা সত্যিই আমাদের জন্য বড় খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, মুখ্যসচিব-সহ উচ্চপদস্থ আধিকারিকরা অধিবেশনে উপস্থিত থাকবেন। এই অঞ্চলের উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্প নিয়ে অধিবেশনে আলোচনা হবে। প্রসঙ্গত, উত্তর-পূর্ব ভারতের একাধির রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে বাংলাদেশের, বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে পারে।
পাশাপাশি, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানির সঙ্গে তাঁর সাম্প্রতিক সাক্ষাতের বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সাহা বলেন, “সম্প্রতি মহারাষ্ট্রে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আমি মুকেশ আম্বানি এবং তাঁর পুত্র অনন্ত আম্বানির সাথে সাক্ষাত করেছি৷ আমি তাঁদের ত্রিপুরা সফরের আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি। এবিষয়ে তাঁরা গভীর আগ্রহ দেখিয়েছেন এবং ত্রিপুরায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন। খুব তাড়াতাড়িই রিলায়্যান্স গ্রুপের একটি টিম রাজ্য সফরে আসবে। আমাদের আলোচনা খুবই ইতিবাচক ছিল এবং আমি তাদের সফর সম্পর্কে খুবই আশাবাদী।
(Feed Source: news18.com)