
Bangladesh: জানা গিয়েছে, এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে শারীরিক হেনস্থা করে পরানো হল জুতোর মালা। দেওয়া হল গ্রাম ছাড়ার হুমকি।

শেখ হাসিনা দেশছাড়া হওয়ার পর অনেকের জন্যই এবার দুর্বিষহ হয়ে উঠছে বদলের বাংলাদেশ। জুলাই বিপ্লবকে বাংলাদেশের অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলেও উল্লেখ করেছিলেন। কিন্তু তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যা পরিস্থিতি দাঁড়িয়েছে, বিশেষত সংখ্যালঘু এবং আওয়ামি লীগ সমর্থকদের ক্ষেত্রে, তা রীতিমতো শিউরে ওঠার মতো। তারই নিদর্শন এবার মিলল বাংলাদেশের কুমিল্লায়।

জানা গিয়েছে, এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে শারীরিক হেনস্থা করে পরানো হল জুতোর মালা। দেওয়া হল গ্রাম ছাড়ার হুমকি। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বাংলাদেশে।

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে তুমুল হেনস্থা করা হল। জানা গিয়েছে, আবদুল হাই কানুকে গলায় জুতোর মালা পরানোর অভিযোগ। রবিবার চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে। মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি।

ভাইরাল হওয়া ওই ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একাধিক যুবক ও মধ্যবয়সী এক ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে ধরে আনেন। তার গলায় জুতার মালা পরানো হয়। সেই সময় পাশ থেকে একজন বলছেন, তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে। অপরজন বলছেন, কুমিল্লা থেকে বের হয়ে যেতে।

এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু আকুতি করে বাড়ি থেকে বের হবেন না বললে মধ্যবয়সী ব্যক্তি বলেন, ‘আমরা এত বছর বাড়িতে থাকতে পেরেছি?’ এসময় আরেকজন বলে ওঠেন, ‘আপনি পুরো গ্রামের মানুষের কাছে মাপ চাইতে পারবেন?’ এসময় তাকে (কানু) হাতজোড় করে সবার কাছে মাফ চাইতে শোনা যায়।
(Feed Source: news18.com)
