জিনাতকে আনা হচ্ছে আলিপুরে! প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে বিশেষ এক ঘর

জিনাতকে আনা হচ্ছে আলিপুরে! প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে বিশেষ এক ঘর

Tiger rescue- একমাস সিমলিপালের ঘরছাড়া বাঘিনী জিনাত। দীর্ঘ সময় ধরে অজানা গন্তব্যে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে সে। জিনাতের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে। এমনকী খাদ্যের অভাব এবং পথ চলার পরিশ্রমে শারীরিক ক্লান্তি রয়েছে তার।

News18

কলকাতা: বাঘবন্দি খেলা শেষ। অবশেষে কাবু বাঘিনী জিনাত। চতুর্থ বারের ঘুমপাড়ানি গুলিতে রবিবার দুপুরে প্রায় সাতদিন পর বন দফতরের হাতে ধরা পড়ে জিনাত। শনিবার তিনটি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় জিনাতকে লক্ষ্য করে। কিন্তু গুলি লাগলেও কাবু করা যায়নি জিনাতকে। অবশেষে বাঁকুড়ার গোসাইডিহিতে রবিবার ৩টে ৫৮ মিনিটে বন দফতরের ছোড়া ঘুমপাড়ানি গুলিতে বাগে আসে বাঘিনী।

জিনাতকে বন দফতরের কর্মীরা বিষ্ণুপুর নিয়ে এসেছেন। কিছুদিন নজরদারিতে রাখা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন দফতরের অসাধ্যসাধনকে কুর্নিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

এবার জিনাতের জন্য প্রস্তুতি আলিপুরে। জিনাতের জন্য বিশেষ ঘর আলিপুর চিড়িয়াখানার বিশেষ পশু হাসপাতালে। সোমবার তৈরি হবে মেডিকেল বোর্ড। জিনাতকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সঙ্গে রয়েছেন সুন্দরবনের বাঘ বিশেষজ্ঞ এক আধিকারিকও। গ্রিন করিডোর করে রাতেই আসবে আলিপুর বিশেষ পশু হাসপাতালে। পরবর্তী ২৪ ঘণ্টায় তার পর্যবেক্ষণ হবে। মূলত শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও পরীক্ষা করবেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা।

একমাস সিমলিপালের ঘরছাড়া বাঘিনী জিনাত। দীর্ঘ সময় ধরে অজানা গন্তব্যে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে সে। জিনাতের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে। এমনকী খাদ্যের অভাব এবং পথ চলার পরিশ্রমে শারীরিক ক্লান্তি রয়েছে তার। তার উপর রয়েছে জনসাধারণের তাড়া। ফলে মানসিকভাবে বিপর্যস্ত রয়েছে জিনাত।

সবশেষে দুদিন পরপর ঘুমপাড়ানি গুলির প্রভাবে শারীরিক ধকল। এই সমস্ত শারীরিক ও মানসিক দিকগুলোই ২৪ ঘন্টা ধরে পর্যবেক্ষণ করবেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে জিনাতকে নিয়ে।