
বাংলাদেশের বিদেশ সচিব জসিমুদ্দিন আবার দাবি করেছেন, সীমান্তে বেআইনি ভাবে কাঁটাতার লাগানোর চেষ্টা করেই সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছ৷
ঢাকা: সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে এবং অপরাধ কমাতে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ করতে গেলেই বাংলাদেশের বিজিবি এসে বাধা দিয়েছে৷ মালদহের বৈষ্ণবনগরে তো কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে সীমান্তের দু পারে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়৷
এই পরিস্থিতিতে আচমকা রবিবার বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে -ডেকে পাঠায় ঢাকা৷ সূত্রের খবর, বাংলাদেশের বিদেশ মন্ত্রকে ডেকে পাঠিয়ে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা৷ বলা ভাল, সীমান্তে উত্তেজনা তৈরি হওয়ার জন্য ভারতকেই দায়ী করেছে ঢাকা৷
রবিবার বিকেল ৩টে নাগাদ বাংলাদেশের বিদেশ মন্ত্রকের কার্যালয়ে পৌঁছন প্রণয় ভার্মা৷ প্রায় ৪৫ মিনিট ধরে বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক হয় ভারতীয় রাষ্ট্রদূতের৷ বৈঠক শেষে সংবাদমাধ্যমকে প্রণয় ভার্মা জানান, সীমান্তের নিরাপত্তার জন্য কাঁটাতারের বেড়া লাগানোর বিষয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে বোঝাপড়া রয়েছে৷
প্রণয় ভার্মা আরও জানান, ‘সীমান্ত দিয়ে পাচার এবং অপরাধীদের আনাগোনা কীভাবে বন্ধ করা যায় তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে৷ বিএসএফ এবং বিজিবি-র মধ্যে যোগাযোগ রয়েছে৷ আমাদের আশা, যা বোঝাপড়া দু পক্ষের মধ্যে রয়েছে সেগুলি বাস্তবে কার্যকর করতে হবে৷ অপরাধ আটকাতে দু পক্ষরই পরস্পরকে সাহায্য করতে হবে৷’
অন্যদিকে বাংলাদেশের বিদেশ সচিব জসিমুদ্দিন আবার সীমান্তে বেআইনি ভাবে কাঁটাতার লাগানোর চেষ্টা করেই সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছ৷ বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিবৃতিতেও দাবি করা হয়েছে, ‘যথাযথ অনুমতি ছাড়াই কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী৷’ বিএসএফ এবং বিজিবি-র ডিজি পর্যায়ের বৈঠকে কাঁটাতার দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হলে এই সমস্যার সমাধান পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক৷
